১১ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। করোনা আক্রান্ত হয়ে ভোপালে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আপাতত বাড়ি ফিরে এক সপ্তাহ তাঁকে হোম কোয়ারেন্টাইনে থেকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা।
গত ২৫শে মে শিবরাজের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তিনি হাসপাতালে ভর্তি হন। ৬১ বছরের শিবরাজের অবশ্য করোনার কোনো উপস্বর্গ ছিল না। তবুও সতর্কতা মেনে তিনি হাসপাতালে যান এবং তিনি বলেন যে কোভিড টেস্ট নেগেটিভ না আসা অবধি তিনি বাড়ি ফিরবেন না। এরপর টানা ১১ দিন তিনি চিরায়ু হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকেন।
আজ অর্থাৎ বুধবার চিরায়ু হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত ১০ দিন ধরেই অ্যাসিমটোম্যাটিক ছিলেন শিবরাজ। এছাড়া তাঁর শরীরের বাকি সমস্ত অঙ্গ প্রতঙ্গও সক্রিয় রয়েছে। তাই আইসিএমআর-এর নিয়ম অনুযায়ী তাঁকে হাসপাতালে থেকে বাড়ি ছাড়া হয়েছে। তবে আপাতত তাঁকে বাড়িতে বিশ্রাম নিতে হবে।
শিবরাজ সিং চৌহানের সুস্থ হয়ে ওঠার খবর পেয়ে তাঁকে বাড়িতে থেকে কোয়ারেন্টাইনে বিশ্রাম নেওয়ার আবেদন জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতা দিগ্বিজয় সিং।
করোনামুক্ত হয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আজ একটি টুইটও করেন। সেখানে তিনি বলেন, করোনা সংক্রমণকে ধামাচাপা দিয়ে রাখবেন না। সতর্ক থাকুন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া হাসপাতাল কর্মী ও চিকিৎসকদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন এই বিজেপি নেতা।





