হিন্দুত্ববাদী শিবসেনার হয়ে এবার মুখ খুলল ‘অসাম্প্রদায়িক’ বামেরা, এবার উদ্ধবের পাশে সীতারাম ইয়েচুরি

বিগত বেশ কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের রাজনীতিতে চরম সংকট দেখা দিয়েছে। শিবসেনা কার্যত ভাঙনের মুখে। মহারাষ্ট্র সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতে বেশ হিমশিম খাচ্ছে। নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। এমন আবহে গতকালই উদ্ধব ঠাকরের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বিজেপিকে তুলোধোনা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট সরকার থাকলেও শিবসেনার মধ্যে যে ভাঙন ধরেছে, তা বেশ স্পষ্ট। বিদ্রোহ ঘোষণা করেছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে-সহ ৪০ জন বিধায়ক। প্রথমে গুজরাত ও পরে অসমে গিয়েছেন তারা। তাদের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমেই আরও জোরালো হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে এবার শিবসেনার পাশে দাঁড়াল সিপিএম।  

বিরোধী পক্ষের অভিযোগ বিজেপি কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে নাকি অনেক মহারাষ্ট্র সরকারের বিধায়ককে দলবদল করতে বাধ্য করছে। বাংলার পাশাপাশি অন্য অনেক রাজ্যেই বিজেপিকে নিয়ে এমন অভিযোগ উঠেছে। এবার এই বিষয়ে সরব হলেন সিপিএমের সীতারাম ইয়েচুরি।

বামেদের দাবী, “শিবসেনার বিধায়কদের বর্তমানে এজেন্সির ভয় দেখিয়েই দল ছাড়তে বাধ্য করে চলেছে বিজেপি। এটা নিন্দনীয়”।

সাম্প্রদায়িক দল হিসেবে পরিচিত শিবসেনার পাশে কেন দাঁড়ালো অসাম্প্রদায়িক সিপিএম, এমন প্রশ্ন উঠেছে নানান মহলে। এক্ষেত্রে এই জল্পনা উড়িয়ে বামেদের দাবী, “মতাদর্শের দিক থেকে অন্যান্য একাধিক দলের সঙ্গে আমাদের পার্থক্য থাকতেই পারে। তবে বর্তমান সময়ে দেশে যেভাবে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিজেপি বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে চলেছে, তার প্রতিবাদ আমরা করবই”।

RELATED Articles