ছোটো থেকে নিষ্ঠা ভরে ডেকে এসেছেন ভগবানকে। একটাই প্রার্থনা করে গিয়েছেন ভগবানের কাছে। কিন্তু এত বছর ধরে প্রার্থনা করলেও মনস্কামনা পূরণ হয়নি। সেই কারণে ভগবানের উপর রাহ করে মন্দিরই ভেঙে দিলেন বছর ২৪-এর যুবক। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ছোটবেলায় একবার দুর্ঘটনার কবলে পড়েন। সেই সময় তাঁর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনও সেই চোখটিতে দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ।
ছোটবেলা থেকেই ভগবানের কাছে একটিই প্রার্থনা করেছেন তিনি যেন আবার চোখে আগের মতোই দেখতে পান। সেই প্রার্থনা জানাতেই ঈশ্বরের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। একাধিক মন্দিরে মানতও করেছেন ওই যুবক। কিন্তু এতদিন কেটে গেলেও পূর্ণ হয়নি সেই ইচ্ছা।
এরপরই ভগবানের অস্তিত্ব নিয়ে সন্দেহ জাগে তাঁর মনে। কোনও প্রার্থনাই শোনেন নি ঈশ্বর। সেই কারণে রাগের বশবর্তী হয়ে চন্দননগর ও ছাতরিপুরা এলাকার দু’টি মন্দিরে ভাঙচুর চালান ওই যুবক। এই ঘটনায় মন্দিরের বিগ্রহ ক্ষতিগ্রস্ত হয়। গতকাল, শুক্রবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বাবার একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। পুলিশ অনুমান করছে যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সেই কারণেই সে এমন ঘটনা ঘটিয়েছে। পুলিশের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার প্রসাদ চৌবে জানিয়েছেন যে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।





