করোনার দ্বিতীয় ঢেউতে রীতিমতো বেসামাল ভারত। রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার এবং জনসাধারণের অসচেতনতায় আজ ভারত রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দৈনিক সংক্রমণের মাত্রা কুড়ি হাজার ছাড়িয়ে গিয়েছে।
তবে দেরিতে হলেও জেগে উঠেছে মানুষ তাই সুস্থতার হারও আগের থেকে অনেক বেশী। একে একে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে শিল্প সংস্থা গুলি। এবার সেই তালিকায় সংযোজিত হলো ম্যানকাইন্ড ফার্মার নাম। ওষুধ এবং অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম নির্মাতা এ সংস্থাটি সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে।
তাদের এই উদ্যোগে তারা পাশে পেয়েছে বলিউড অভিনেতা অনিল কাপুরকে। অনিল কাপুর এবং ম্যানকাইন্ড ফার্মার যৌথভাবে এই এক কোটি টাকা উদ্ধব ঠাকরে ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।
এই প্রসঙ্গে অনিল কাপুর জানিয়েছেন তিনি ম্যানকাইন্ডের সঙ্গে এরকম মানবিক উদ্যোগে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।

প্রসঙ্গত অনিল কাপুর ম্যানকাইন্ড ফার্মার ব্র্যান্ড অ্যাম্বাসডর। এই এক কোটি টাকা দান করা ছাড়াও অনিল কাপুরের টীম এবং ম্যানকাইন্ড ফার্মা মুম্বাই পুলিশের জুহু, ডিএন নগর, ভারসোভা, খার, বান্দ্রা এবং এসিপি অফিসে মাল্টিভিটামিনের প্যাকেট পৌঁছে দিয়েছে।
এছাড়াও কিছুদিন আগে ম্যানকাইন্ড ফার্মা সমস্ত কোভিড যোদ্ধা ডাক্তার, পুলিশ, ফার্মাসিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা ইতিমধ্যেই এই লড়াইতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সাহায্য করার জন্য ১০০ কোটি টাকা অনুদান দিয়েছিল।






