লাদাখে সীমান্ত সংঘর্ষ ইস্যুতে ভেবে কথা বলার উপদেশ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার অবশ্যই জবাব দেওয়ার পালা বিজেপির। আর সেই কাজই করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।
প্রাক্তন প্রধানমন্ত্রীকে কংগ্রেসের রেকর্ড মনে করিয়ে আয়না দেখালেন তিনি। নাড্ডা অভিযোগ করলেন যে মনমোহনের আমলে শয়ে শয়ে কিলোমিটার ভারতীয় জমি কেড়ে নিয়েছে চীন।
আজ সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রধানমন্ত্রী হিসাবে কিছু বললে তার কী প্রভাব হতে পারে সেই বিষয়ে সতর্ক থাকা উচিত মোদীর। প্রধানমন্ত্রীর বক্তব্যের সুযোগ যাতে চীন নিজেদের স্বপক্ষে ব্যবহার না করতে পারে, সেটাও খেয়াল রাখতে উপদেশ দিয়েছিলেন মনমোহন সিং। শরিকদের দিয়ে অসত্য বলিয়ে সত্য ঢাকা যাবে না, স্পষ্ট ভাবে মোদীকে জানিয়েছেন এই অত্যন্ত মিতভাষী প্রাক্তন প্রধানমন্ত্রী।
কিন্তু এতেই চটে লাল বিজেপি নেতৃত্ব, যেটা প্রকাশ পেল বিজেপি সভাপতি জেপি নাড্ডার বক্তব্যেই। আজ নাড্ডা স্পষ্ট বলেন যে মনমোহন এমন দলের সদস্য যারা ৪৩০০০ কিলোমিটার এলাকা চীনকে দিয়ে দিয়েছে। ইউপিএ আমলে কৌশলগত ভাবে পরাজিত হয়েছে ভারত অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নাড্ডা বলেন যে সেনাকে বারবার হেয় করার চেষ্টা করছে কংগ্রেস।
একই সঙ্গে জে পি নাড্ডা প্রশ্ন করেন যে চীনের কৌশল নিয়ে যদি মনমোহনের এতই মাথা ব্যাথা, তাহলে নিজের আমলে শয়ে শয়ে বর্গ কিলোমিটার জমি কীভাবে তিনি ছেড়ে দিলেন। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে ৬০০ বার চীন ভারতে হানা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শেষে নাড্ডা বলেন যে মনমোহন সিং অনেক বিষয় নিয়েই কথা বলতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়ে কিছু বলা তাঁর ঠিক সাজে না। বিজেপি সভাপতি বলেন যে ইউপিএ আমলেই ধীরে ধীরে এই পদের গরিমা ক্ষুণ্ণ হয়েছিল। একই সঙ্গে সেনাবাহিনীর মর্যাদা নষ্ট হয়েছিল। এই দুটি ইস্যু এনডিএ সরকার ফেরার পর ঠিক করা হয়েছে বলে দাবি করেন বিজেপি সভাপতি।





