অবশেষে দিল্লির জাকির নগর এলাকায়, নিজামুদ্দিন মারকাজের প্রধান বিতর্কিত ধর্মগুরু মৌলানা সাদের খোঁজ পেল দিল্লি পুলিশ। তাঁর কোয়ারেন্টাইন শেষ হলেই তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
মৌলানা সাদের বিরুদ্ধে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগ উঠেছিল। নিষেধ সত্ত্বেও তিনি নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাতের সমাবেশ চালিয়ে যান বলে অভিযোগ। মার্চের মাঝামাঝি সময়ে ওই ধর্মীয় সমাবেশ ঘিরে বিতর্ক দেখা দেয়। মৌলানা সাদ-সহ ছয়জনের বিরুদ্ধে সরকারি ফরমান অমান্য করার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
দিল্লি পুলিশকে সাদ জানিয়েছিলেন, তিনি গৃহ পর্যবেক্ষণে রয়েছেন। তবে তিনি কোথায় রয়েছেন তা নিয়ে ধন্দে ছিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তবে তাঁর হদিশ পেয়েছে পুলিশ। এর আগে দিল্লি পুলিশ তাঁকে দুবার নোটিস পাঠিয়ে তলব করে। কিন্তু দেখা করেননি সাদ। আর করোনা আতঙ্কে তাঁর কাছেও যেতে পারেনি পুলিশ আধিকারিকরা।
পুলিশ জানিয়েছে, মৌলানা সাদকে জেরার পরই তাঁকে গ্রেপ্তার করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে তাঁকে নোটিস পাঠিয়ে মোট ২৬টি প্রশ্নের উত্তর চেয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দেননি সাদ।
অন্যদিকে খতিয়ে দেখা হচ্ছে মারকাজের অর্থ জোগানের উৎস। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন , উপসাগরীয় দেশগুলি থেকে মারকাজে অর্থের জোগান হয়। সে ব্যাপারে তদন্ত হচ্ছে।





