‘জাতীয় পতাকার রঙ পরিবর্তন করে শুধু গেরুয়া করতে চায় বিজেপি’, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বিস্ফোরক দাবী কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির

মাঝে মধ্যেই নানান বিতর্কিত মন্তব্যের মাধ্যমে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়া নিয়ে বেশ সোচ্চার হয়েছিলেন তিনি সেই সময়। কাশ্মীরের সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে বিদ্রোহের হুমকিও দেন। এবার ফের একবার এক বিস্ফোরক মন্তব্য করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর দাবী কেন্দ্র সরকার ভারতের জাতীয় পতাকার রঙ পরিবর্তন করতে চাইছে।  

কাশ্মীরের রাজনীতিতে মেহবুবা মুফতি এক অতি গুরুত্বপূর্ণ নাম। বর্তমান সময়ে তিনি রাজনীতির মূল স্রোতে নেই ঠিকই। কিন্তু মাঝেসাঝেই নানান বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। এবার তাঁর বক্তব্য, বিজেপি নাকি দেশের জাতীয় পতাকার রঙ পরিবর্তন করতে চাইছে। তেরঙ্গার বদলে গেরুয়াই হতে চলেছে জাতীয় পতাকার রঙ। এমনই দাবী করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

এদিন মেহবুবা বলেন, “সব কিছু ধ্বংস করে দিচ্ছে বিজেপি সরকার। জম্মু-কাশ্মীরকে টুকরো করেছে, এখানের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমাদের জাতীয় পতাকাও কেড়ে নিয়েছে। এমন দিন আর বেশি দূরে নেই যখন ভারতের গোটা সংবিধানটাই পরিবর্তিত হয়ে যাবে। বিজেপি বুলডোজার দিয়ে সংবিধানকে ধ্বংস করে ফেলেছে”।

এদিন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নানান দাবী করেন। তাঁর কথায়, “লাদাখ জম্মু-কাশ্মীরের এক অভিন্ন অঙ্গ। আমাদের রাজ্যের আগের অবস্থা ফিরিয়ে দাও”। তিনি আরও দাবী করেন যে জম্মু কাশ্মীরের উপর থেকে বিশেষ সামরিক আইনকে প্রত্যাহার করে নিতে হবে।

তিনি আরও বলেন, “আমি মহাত্মা গান্ধীর ভারতের সমর্থক, নাথুরাম গডসের ভারতের নয়”। তবে সাম্প্রতিককালে কাশ্মীরে টার্গেট কিলিং অনেকাংশে বেড়েছে। এহেন পরিস্থিতিতে যদি সেখান থেকে সামরিক বাহিনী সরিয়ে নেওয়া হয়, তাহলে কাশ্মীরের অবস্থা ঠিক কী হবে, তার কোনও সঠিক জবাব পাওয়া যায়নি মেহবুবা মুফতির থেকে।

RELATED Articles