বুলেট প্রুফ জ্যাকেট (Bullet proof jacket) পড়ে থাকা সত্ত্বেও অনেক সময়ই শত্রুর ছোঁড়া বুলেটের আঘাতে মৃত্যু হয় জওয়ানের (Indian Army)। তাই দেশ রক্ষাকারীদের শরীর এফোঁড় ওফোঁড় হওয়া থেকে রক্ষা করতে নতুন বুলেট প্রুফ জ্যাকেট তৈরীর বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা করছে মোদী সরকার। আর এবার সমগ্র দেশকে নিরাপত্তা দেওয়া মানুষ গুলোর শরীরের নিরাপত্তা কথা মাথায় রেখে নয়া বুলেট প্রুফ জ্যাকেট আনছে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার।
এই উন্নত মানের বুলেট প্রুফ জ্যাকেটের নাম দেওয়া হয়েছে ‘ভাবা কবচ’(Bhabha Kavach)।
লাদাখ সীমান্তে চোখ রাঙাচ্ছে লালফৌজ (Chinese army)। এবার শীতেও জওয়ানদের কড়া নজর রাখতে হবে লাদাখ (ladakh) এলাকায়। ফলে তাঁদের সেভাবেই সরঞ্জাম তৈরি করা হচ্ছে। ফাইবার প্লাস্টিকের ইগলু, তাঁবু এবং বিশেষ তুষার বুটের জন্য সেনার তরফেই আবেদন করা হয়েছিল। এবার সেই নতুন নতুন সরঞ্জামের মধ্যে রয়েছে ‘ভাবা কবচ’ জ্যাকেট। জানা গিয়েছে, AK-47 রাইফেলের গুলিও এই জ্যাকেট ভেদ করে ঢুকতে পারবে না। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় সেনা বাহিনীর জন্য বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করা হচ্ছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে বুলেট প্রুফ গাড়িও ।
হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম বা মিধানিতে (Midhani) তৈরি হচ্ছে সেনাবাহিনীর এই নতুন জ্যাকেট। বুলেট প্রুফ গাড়িও আধুনিকতর হচ্ছে। গাড়ির চাকায় গুলি এসে লাগলেও সেটি ১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাবে। লাদাখ সীমান্তের কথা মাথাই রেখে বানানো হচ্ছে বিশেষ ধরনের তাঁবুও। ডিসেম্বর মাসে লাদাখের একাধিক এলাকায় তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে যায়। সেখানে এই বিশেষ ধরনের তাঁবু পাঠানো হচ্ছে বলে খবর। সেই তাঁবুতে একসঙ্গে ৮ থেকে ১০ জন জওয়ান থাকতে পারবেন।
জানা যাচ্ছে ইতিমধ্যেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে কয়েকশো নতুন জ্যাকেট সরবরাহ করা হয়েছে।





