লকডাউনের মধ্যে বাড়ি ফেরার জন্য বিভিন্ন শ্রমিক বিভিন্ন পন্থা অবলম্বন করছে। সেই রকম ই সাইকেলে চেপে দিল্লি থেকে বিহারের খাগাড়িয়া জেলার গ্রামের বাড়িতে ফেরার সময় পথেই প্রাণ হারালেন ২৮ বছরের এক যুবক। নাম ধর্মবীর কুমার, দিল্লিতে শ্রমিকের কাজ করতেন তিনি। আরও ৬ পরিযায়ী শ্রমিকের সঙ্গে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি, উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় তাঁর মৃত্যু হয়।
ধর্মবীরের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তাঁর শারীরিক নমুনা করোনা পরীক্ষায় জন্য পাঠানো হয়েছে লখনউয়ের হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, দিল্লি-বেরিলি হাইওয়ের ওপর টোল প্লাজার কাছে ওই শ্রমিকের মৃত্যু হয়। দিল্লি থেকে সাইকেল চালিয়ে এসে রাতে ওখানে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। শুক্রবার সকালে ৭ জনের মধ্যে একজন আর ওঠেননি। তখন তাঁরা পুলিশে খবর দেন। ধর্মবীরের নমুনা পাঠানো হয়েছে হাসপাতালে, বাকি ৬ জনকে জেলা হাসপাতালে কোয়ারান্টাইন করা হয়েছে। ধর্মবীরের দেহ রয়েছে জেলা হাসপাতালের মর্গে।





