দেশে যাঁদের হাত ধরে শুরু হয়েছিল গণতান্ত্রিক নেতৃত্বের যাত্রা, তাঁদের পাশে নিজের নাম লিখিয়ে ফেললেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতির পথচলায় একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। তবে এ বারের কৃতিত্ব শুধু একক সংখ্যাগরিষ্ঠতা বা রাজনৈতিক শক্তিমত্তার দিক থেকে নয়, বরং সময়ের নিরিখে। দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রিত্বের কুর্সি আঁকড়ে রাখার দৌড়ে এক ঐতিহাসিক জায়গায় পৌঁছে গেলেন মোদি। ভারতের ইতিহাসে টানা সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় এবার উঠে এল তাঁর নাম।
শুক্রবার সকালে নয়া নজির গড়েছেন মোদি। একটানা ৪০৭৮ দিন অর্থাৎ ১১ বছর ৬০ দিন প্রধানমন্ত্রিত্বে কাটিয়ে ফেলেছেন তিনি। এর ফলে তিনি টপকে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে, যিনি দু’দফায় মিলিয়ে মোট ১১ বছর ৫৯ দিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তবে, এখনও পর্যন্ত মোদি রয়েছেন তৃতীয় স্থানে। কারণ এক নম্বরে আছেন জওহরলাল নেহরু, যিনি ১৬ বছর ২৮৬ দিন ধরে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন।
নরেন্দ্র মোদি শুধুমাত্র সময় নয়, গড়েছেন আরও বহু নজির। তিনি স্বাধীনতার পর জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ সময় ধরে কুর্সিতে রয়েছেন। একইসঙ্গে তিনিই প্রথম অহিন্দিভাষী নেতা যিনি এতটা সময় প্রধানমন্ত্রী পদে রয়েছেন। কংগ্রেসের বাইরে থেকে আসা একমাত্র নেতা হিসাবে টানা দুই দফায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তিনিই। এবং তিনিই একমাত্র অকংগ্রেসি নেতা যিনি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভা নির্বাচন জিতে এত দীর্ঘ সময় দায়িত্ব সামলেছেন।
বর্তমানে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ অনুযায়ী শীর্ষ পাঁচে রয়েছেন–
জওহরলাল নেহরু – ১৬ বছর ২৮৬ দিন
নরেন্দ্র মোদি – ১১ বছর ৬০ দিন
ইন্দিরা গান্ধী – ১১ বছর ৫৯ দিন
মনমোহন সিং – ১০ বছর ৪ দিন
অটলবিহারী বাজপেয়ী – ৬ বছর ৬৪ দিন
আরও পড়ুনঃ India Bangladesh Border Clash: ‘ভারত আমাদের সীমান্তে খুন করছে, মুসলিমদের জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে’ — ভারতকে সরাসরি আক্রমণ নাহিদ ইসলামের!
তবে এই নজির গড়ার দিনে দেশে নেই মোদি। বৃহস্পতিবারই ব্রিটেনের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই উপলক্ষেই বর্তমানে ব্রিটেনে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি মালদ্বীপ সফরে যাওয়ার কথা। তবে দেশে না থেকেও, নিজের রাজনৈতিক যাত্রাপথে আরও এক অধ্যায় যুক্ত করলেন মোদি। সামনে এখন শুধু নেহরু, লক্ষ্য হয়তো এবার সেই শীর্ষস্থান।





