গৃহস্থালির গ্যাস সিলিন্ডার কিনে তা ব্যবসার কাজে লাগানো, এই অভিযোগ অনেকদিন ধরেই উঠে আসছে। এবার রান্নার গ্যাসে এই কালোবাজারি রুখতে বড়সড় পদক্ষেপ নিল মোদী সরকার। রান্নার গ্যাস সিলিন্ডার কেনার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে এবার। একমাসে দু’টির বেশি রান্নার গ্যাস আর কিনতে পারবেন না সাধারণ গ্রাহকরা। বছরে ১৫টির বেশি গ্যাস সিলিন্ডার মিলবে না বলে জানিয়ে দেওয়া হল কেন্দ্র সরকারের তরফে।
অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঘরোয়া রান্নার গ্যাস প্রয়োজনের অতিরিক্ত কিনে গ্রাহকরা কালোবাজারি করছেন। সেই গ্যাস হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান বা অটোচালকদের বিক্রি করে দেওয়া হচ্ছে। আর এর জেরে গ্যাস সংস্থাগুলিকে লোকসানের মুখে পড়তে হছে।
নিয়ম অনুযায়ী, হোটেল বা রেস্তোরাঁগুলির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কেনার কথা। সেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম সাধারণ রান্নার গ্যাসের থেকে অনেক বেশি। তাই ব্যবসায়ীরা খরচ কমাতেই কালোবাজারি করে সাধারণ গ্রাহকদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার কেনেন অনেক সময়।
কলকাতায় বর্তমানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৯৯৫.৫০ টাকা আর গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম ১হাজার ৭৯ টাকা। দামের এই পার্থক্যের জন্যই ব্যবসায়ীরা বেআইনিভাবে গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডার কিনে ব্যবসার কাজে ব্যবহার করছেন। তা যাতে না হয়, সেই কারণেই এই পদক্ষেপ কেন্দ্র সরকারের।
কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে এবার থেকে সাধারণ গ্রাহকরা মাসে দু’টির বেশি গ্যাস সিলিন্ডার আর কিনতে পারবেন না। বছরে মিলবে সর্বোচ্চ ১৫টি সিলিন্ডার। তবে ভর্তুকি মিলবে ১২টি সিলিন্ডারেরই। এমনিতেও এখন উজ্জ্বলা যোজনা ছাড়া সাধারণ গ্রাহকরা আর সিলিন্ডারে ভর্তুকি পান না।
কেন্দ্রের এই সিদ্ধান্তে কোনও কোনও মহলের তরফে দাবী করা হয়েছে যে এই সিদ্ধান্তের ফলে বড় পরিবারে সমস্যা দেখা দিতে পারে। যদিও গ্যাস সংস্থাগুলির মতে, কোনও পরিবারেরই বছরে ১৫টির বেশি সিলিন্ডার লাগার কথা নয়। তবে এই সিদ্ধান্তের ফলে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি রোখা যাবে।





