যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এখন রীতিমতো বধভূমিতে পরিণত হয়েছে। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে অসংখ্য পড়ুয়া সেদেশে গিয়েছিলেন। কিন্তু ইউক্রেনে রাশিয়ান আক্রমণ করার পর প্রাণভয়ে সেদেশ থেকে ভারতে ফিরে আসেন অনেক পড়ুয়া। এখনও অনেক পড়ুয়া আটকে রয়েছেন ইউক্রেনে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ভারত।
তবে ফিরে আসা এই ডাক্তারি পড়ুয়ারা তাদের ভবিষ্যতের কথা ভেবে বেশ আতঙ্কে পড়েছেন। রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধ আদৌ কতদিন চলবে, তার ইয়ত্তা নেই।, তাই অসম্পূর্ণ থাকা পড়াশোনা শেষ না করলে ভবিষ্যতে কী পরিণতি হবে, তা নিয়ে বেশ আশঙ্কায় পড়ুয়ারা। এবার তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়াল মোদী সরকার।
ন্যাশানাল মেডিক্যাল কমিশনের তরফে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে জানানো হয়েছে যে নানান দেশে প্রায় ২৪ হাজার ছাত্র ডাক্তারি পড়তে গিয়েছিলেন। তাদের অনেককেই ৬ বছরের পড়াশুনা অসম্পূর্ণ রেখে দেশে ফিরে আসতে বাধ্য হতে হয়েছে। কমিশন জানায় যে ভারতে তাদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।
এও জানানো হয়েছে যে ইউক্রেন থেকে যারা তাদের কোর্স অসম্পূর্ণ রেখে দেশে ফিরে এসেছেন, তারা ফরেন মেডিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে তাদের কোর্স সম্পূর্ণ করতে পারবেন। এই পরীক্ষার নাম হল এফএমজিই। স্নাতকস্তরের এই পরীক্ষায় পাশ করলেই তাঁরা দেশে ইন্টার্নশিপের সুযোগ পাবেন বলেও জানানো হয়।
ন্যাশানাল মেডিক্যাল কমিশনের তরফে ডাক্তারি পড়ুয়াদের জন্য বেশ কিছু নিয়মের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, যে সমস্ত পড়ুয়াদের কাছে পাসপোর্ট, ইমিগ্রেশন সার্টিফিকেট ও ভিসা রয়েছে, তারাই এই সুযোগ পাবেন। শুধুমাত্র ইউক্রেনই নয়, বিশ্বের যে কোনও দেশে ডাক্তারি পড়তে যাওয়া পড়ুয়ারা এই পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হলে ইন্টার্নশিপের সুযোগ পাবেন বলেও জানানো হয়।
কমিশন এও জানায় যে ইন্টার্নশিপের জন্য তাদের কোনও অর্থ দিতে হবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের আতঙ্ক কিছুটা দূর হল বলেই মনে করা হচ্ছে কারণ প্রাণভয়ে দেশে ফিরে এলেও নিজেদের ভবিষ্যৎ নিয়ে বেশ আশঙ্কায় ছিলেন তারা।





