দেশজুড়ে জাতীয়তাবাদী আবেগ তুঙ্গে। ভারতের সামরিক কৌশল এবং প্রতিরক্ষা দক্ষতা নিয়ে আজ আন্তর্জাতিক মহলও চর্চা করছে। এর মাঝেই শুরু হল বাদল অধিবেশন। সংসদে এই অধিবেশনের প্রথম দিনেই নজর কাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারে তিনি শুধুমাত্র রাজনৈতিক ভাষণে আটকে থাকেননি। বরং তুলে ধরেছেন সাম্প্রতিক সামরিক সাফল্য, মহাকাশ অভিযানের গৌরব এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির খতিয়ান।
সোমবার বাদল অধিবেশনের শুরুতেই সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। বক্তব্যের একেবারে শুরুতেই মোদী ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তুলে বলেন, “গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে।” প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, এই অপারেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এবার সরকার এবং বিরোধীপক্ষ একসঙ্গে দাঁড়াবে বলে তিনি আশা করেন।
মোদীর বক্তব্যে উঠে আসে দেশের প্রতিরক্ষা শিল্পের উন্নতির ছবিও। তিনি জানান, “মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গিদের ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। এটা ‘মেড ইন ইন্ডিয়া’ সেনাশক্তির নিদর্শন।” পাশাপাশি, মহাকাশ অভিযানে ভারতের সাফল্যের কথাও বলেন মোদী। শুভাংশু শুক্লদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছানোর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এটি ভারতের গৌরবের মুহূর্ত। এটাই ভারত, যেটা জয় আর আত্মবিশ্বাসে এগিয়ে চলছে।”
শুধু সীমান্ত নয়, দেশের অভ্যন্তরেও পরিবর্তনের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, “মাওবাদ ও নকশাল সমস্যা দেশের বুক থেকে মুছে যেতে শুরু করেছে। অস্ত্রের বদলে সংবিধান জয় লাভ করছে।” অর্থনৈতিক দিক থেকেও ভারতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, “২০১৪ সালে ১০ নম্বরে ছিলাম, এখন বিশ্বের তিন নম্বর অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছি। ২৫ কোটি ভারতীয় দারিদ্র্যসীমা পার হয়েছেন, মুদ্রাস্ফীতি কমে এসেছে।”
আরও পড়ুনঃ Road Accident : বিক্ষোভ, ভাঙচুর, র্যাফের হস্তক্ষেপ—মধ্যমগ্রামে দুর্ঘটনার জেরে উত্তাল যশোর রোড!
রবিবারই সর্বদলীয় বৈঠকে কেন্দ্র জানায়, ‘অপারেশন সিঁদুর’ বা পহেলগাঁও হামলার মতো ইস্যুতে তারা খোলাখুলি আলোচনা করতে প্রস্তুত। কিরেন রিজিজু বলেন, “সরকার কখনও এই বিষয়ে মুখ বন্ধ রাখতে চায় না।” তবে সূত্রের খবর, প্রধানমন্ত্রী নিজে সংসদে এ বিষয়ে সরাসরি মুখ খুলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। হতে পারে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপরই সেই দায়িত্ব পড়বে। তবে এক কথায়, এবার বাদল অধিবেশনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে ‘অপারেশন সিঁদুর’ এবং দেশের গৌরবগাথা।





