কাশ্মীরের পহেলগাঁওতে যখন নিঃসঙ্গ পর্যটকদের উপরে বৃষ্টির মতো গুলি বর্ষণ হচ্ছে, ঠিক তখনই দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মুহূর্তে গোটা দেশের মনোযোগ আটকে ছিল ভূস্বর্গের রক্তাক্ত ছবিতে। মানুষের চোখেমুখে উৎকণ্ঠা, সংবাদমাধ্যমে টানা ব্রেকিং নিউজ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ নাগরিক। একদিকে ভারতীয় নাগরিকদের মৃত্যু, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে—এই দুই পরিস্থিতি মিলে সাধারণ মানুষের মনে অজস্র প্রশ্ন তৈরি হয়েছিল।
এই রক্তাক্ত প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী নিজের সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বুধবার সকালে মোদীর বিমান দিল্লিতে নামে। তাঁকে ঘিরে বিশেষ নিরাপত্তা, বৈঠকে হাজির অজিত ডোভাল ও এস জয়শঙ্কর। তবে এই রাজনৈতিক ও কূটনৈতিক স্তরের উত্তাল পরিস্থিতির মধ্যেই উঠে আসছে আরও এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত—যেটা নজর এড়ায়নি কারও। সৌদি আরবে যাওয়ার সময় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেও, ফেরার পথে সেই একই আকাশপথ এড়িয়ে গেল মোদীর বিমান!
তথ্য বলছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী যখন সৌদি রওনা দেন, তখন তাঁর এয়ারফোর্স ওয়ানের বিমান পাকিস্তানের আকাশপথ দিয়ে গিয়েছে রিয়াধের দিকে। অথচ বুধবার ভোরে দেশে ফেরার সময় সেই রুট পুরোপুরি বদলে দেওয়া হয়। পাকিস্তান নয়, বরং আরব সাগরের উপর দিয়ে বিমান ঢুকে পড়ে গুজরাটের আকাশে। এরপর সোজা দিল্লির পথে। আচমকা রুট বদলের এই সিদ্ধান্ত কি নিছক নিরাপত্তাজনিত? নাকি এর মধ্যে রয়েছে কূটনৈতিক বার্তা?
এদিকে কাশ্মীর হামলা নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওজা আসিফ দাবি করেছেন, তাঁদের কোনও ভূমিকা নেই। তিনি আরও বলেন, “এগুলো ভারতের অভ্যন্তরীণ সমস্যা, মানুষ তাঁদের অধিকারের জন্য দাবি করছে।” যদিও সরকারিভাবে ইসলামাবাদ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই ঘটনার বিরুদ্ধে। এত বড় হামলার পরে ভারতের প্রতিক্রিয়া কী হবে, সেটা আন্দাজ করাই যায়। আর সেই কারণেই কি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাওয়ার কৌশল?
আরও পড়ুনঃ Kashmir : রাত তিনটেয় এল সেই ভয়ঙ্কর ফোন—পাহাড়ে বেড়াতে গিয়ে স্ত্রীর সামনেই খুন বেহালার সমীর গুহ!
সফরের পথ বদলানো কাকতালীয় হতে পারে, আবার হতে পারে রাজনৈতিক বার্তা। যখন কাশ্মীরে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, তখন প্রধানমন্ত্রীর এই রুট পরিবর্তনকে অনেকেই দেখছেন একপ্রকার মৌন প্রতিবাদ হিসেবে। হয়তো সরাসরি কিছু বলেননি মোদী, কিন্তু তাঁর বিমান যে পাকিস্তানের আকাশ এড়িয়ে গিয়েছে, সেটাই যথেষ্ট বার্তা বহন করে। আর এই ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ পরিবর্তনই এখন আলোচনার কেন্দ্রে।





