বেশ সাজানো-গোছানো বাড়ি। রয়েছে সুন্দর জলের পাইপ। বাইরে থেকে দেখলে সবই পরিপাটি। তবে এরই মধ্যে লুকিয়ে কত রহস্য। জলের পাইপের ভেতর থেকে জল নয়, বেরোচ্ছে লক্ষ লক্ষ টাকা। এমন দৃশ্য দেখে হতবাক সরকারি আধিকারিকরা।
না কোনও সিনেমার দৃশ্য নয়, বাস্তব। এমনই এক ঘটনা ঘটেছে কর্ণাটকের কালবুর্গির পূর্ত দফতরের এক জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িতে। ১৯৯২ সালে কালবুর্গি জেলা পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হন এই ব্যক্তি। ২০০০ সালে তাঁর চাকরি স্থায়ী হয়।
কিছুদিন আগেই খবর পাওয়া যায় যে এই ইঞ্জিনিয়ারের বাড়িতে বেহিসবি টাকা রয়েছে। এই কারণে গত ২৪শে নভেম্বর পুলিশ সুপার মহেশ মেঘনানাভারের নেতৃত্বে এই ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। কর্ণাটকের অপরাধ দমন শাখা এই তল্লাশি করতে যায়। কিন্তু তল্লাশি চালাতে গিয়ে হতবাক হয়ে যান আধিকারিকরা।
তল্লাশি করতে এদিন সকাল সকাল ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে হাজির হন সরকারি আধিকারিকরা। গোটা বাড়ি তল্লাশি চালানো হয়। এরপরই তাদের নজর যায় জলের পাইপের দিকে। তা কাটতেই বেরিয়ে আসতে থাকে গোছা গোছা টাকার বাণ্ডিল। এই দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
https://twitter.com/ANI/status/1463470094520963080?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1463470094520963080%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fmoney-coming-out-of-pipes-instead-of-water-pwd-engineers-house-searched%2F
জানা গিয়েছে, সব মিলিয়ে ওই ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে মোট ৫৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এও জানা গিয়েছে যে ওই ইঞ্জিনিয়ারের নামে বেশ কিছু ফার্ম হাউসও রয়েছে। তাঁর মোট সম্পত্তি পরিমাণ ঠিক কত, তা এখনও জানা যায়নি। তবে তাঁর কাছে এত টাকা কীভাবে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ ও অপরাধ দমন শাখা।






