সময়ের আগেও আন্দামানে প্রবেশ করেছে বর্ষা। আজ, সোমবার আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ঘূর্ণিঝড় ‘অশনি’র জেরেই সময়ের আগেই বর্ষা নামছে বলে মত আবহাওয়া বিশেষজ্ঞদের।
আন্দামান সাগরে সময়ের ৬ দিন আগেই ঢুকেছে বর্ষা। এর জেরে আগামী পাঁচদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতের পূর্ব উপকূলের এই দ্বীপপুঞ্জে।
আন্দামান সাগরে সময়ের আগে বর্ষা ঢোকার জেরে পশ্চিমবঙ্গেও সময়ের আগে বর্ষা ঢোকার আভাস পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের কথায়, উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী কয়েকদিন হবে ভারী বৃষ্টি। এর পাশাপাশি দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে খবর।
দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মেঘের গর্জন এবং সঙ্গে দমকা হাওয়া বইবে কলকাতা সহ আশপাশের এলাকাতে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে বলে খবর।
বৈশাখ শেষ হয়ে সবেমাত্র জ্যৈষ্ঠ মাস পড়েছে। আর এরই মধ্যে মিলল বর্ষার পূর্বাভাস। ঘূর্ণিঝড় অশনি স্থলভাগে আছড়ে পড়েনি ঠিকই, তবে এর প্রভাবেই তাড়াতাড়ি বঙ্গে এল বর্ষা।





