ক্লাসে ঢুকতেই কেউ করল বমি, কেউ হারাল জ্ঞান, একসঙ্গে গুরুতর অসুস্থ শতাধিক পড়ুয়া, ভয়ঙ্কর কাণ্ড সরকারি স্কুলে

সবেমাত্র টিফিন পিরিয়ড শেষ হয়েছিল। খাবার খেয়ে খেলাধুলা করে ক্লাসে ঢুকেছিল পড়ুয়ারা। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। ক্লাসরুমের ভেতরেই কিছু পড়ুয়ার বমি শুরু হল, তো কেউ কেউ আবার জ্ঞান হারাল। প্রায় ১০০-এরও বেশি পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক অনুমান, স্কুল চত্বরে থাকা সেপটিক ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করার ফলেই এত পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর হসুর জেলার কর্পোরেশন মিডল স্কুলে।

গতকাল, শুক্রবার দুপুরে তামিলনাড়ুর হসুরের কৃষ্ণগিরির কর্পোরেশন মিডল স্কুলে একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। দুপুর ৩টে নাগাদ পড়ুয়ারা টিফিন পিরিয়ড শেষ হওয়ার পরে ক্লাসরুমে ঢুকতেই অস্বস্তিবোধ করে।

কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া। তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষের তরফে অসুস্থ পড়ুয়াদের নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ৬৭ জন পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেই জানা গিয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, তামিলনাড়ুর ওই স্কুলে ১০০-এরও বেশি পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। অধিকাংশ পড়ুয়ারই বমি বমি ভাব, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। তবে জানা গিয়েছে, কারোরই উপসর্গ ততটা গুরুতর নয়। এতজন পড়ুয়ার অসুস্থ হয়ে পড়ার খবর পেয়েই প্রথমে স্কুল ও পরে হাসপাতালে যান জেলা কালেক্টর চন্দ্রভানু রেড্ডি।

এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে বর্তমানে হাসপাতালে ৬৭জন পড়ুয়া ভর্তি রয়েছে। তাদের মধ্যে ২৩ জন ছাত্রী। বিষক্রিয়া বা বিষাক্ত গ্যাসের কারণেই এতজন পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে কী না, তা জানার জন্য পড়ুয়াদের বিশেষ কিছু পরীক্ষা করানো হবে বলে খবর। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

RELATED Articles