এর আগে দুর্নীতি ইস্যু নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় (Saugata Roy), শোভনদেব চট্টোপাধ্যায়দের (Shovandeb Chatterjee)। মদন মিত্রও (Madan Mitra) এই নিয়ে মুখে খুলেছেন। এবার দুর্নীতি ইস্যু নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। বললেন, “মানুষ আমাদের খারাপ নজরে দেখে চলেছে। ট্রেনে আর বাসে যেতে অনেক রকম বিষয় নিয়ে শুনতে হচ্ছে। দুজন চুরি করার জন্য ৯৮% মানুষের ওপর প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে”।
সাম্প্রতিককালে নানান দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের। নিয়োগ দুর্নীতির জেরে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এছাড়াও, নিয়োগ দুর্নীতির জেরে শিক্ষা দফতরের একাধিক আধিকারিক গ্রেফতার হয়েছেন। এর জেরে কোণঠাসা হয়েছে তৃণমূল।
এবার এই সকল বিষয় নিয়ে মুখ খুললেন অর্জুন সিং। তাঁর কথায়, “মানুষ আমাদের খারাপ নজরে দেখে চলেছে। টাকার পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, সেই কারণে আমাদের ভাবমূর্তি ক্রমশ নষ্ট হচ্ছে। দুজন চুরি করার জন্য ৯৮ শতাংশ মানুষের উপর প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে”।
অর্জুন আরও বলেন, “টাকার পাহাড় দেখানো হচ্ছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দুজন চুরি করায় দলের সবাইকে চোর বলা হচ্ছে। ওই দুজনকে চিহ্নিত করা দরকার। মানুষ আমাদের ওপর খারাপ নজর রেখে চলেছে”।
অর্জুনই প্রথম নন, এর আগে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়ের মতো তৃণমূল নেতারা। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, “মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, আদালত থেকে পরিষ্কার হয়ে আসলে তবেই দলে নেওয়া কথা বিবেচনা করা হবে।”
শুধু তাই-ই নয়, সৌগত রায় এই ইস্যু নিয়ে বলেছিলেন, “দলের কিছু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তা বলে সম্পূর্ণ দলকে চোর বলা হবে, তা সঠিক নয়”।





