প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হল ই-রুপি, কীভাবে কাজ করবে এই ব্যবস্থা, জেনে নিন

ডিজিটাল লেনদেনের জন্য বরাবর নানান ব্যবস্থা করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে বরাবর দেশবাসীকে উৎসাহও জুগিয়ে এসেছেন তিনি। এবার এই ডিজিটাল লেনদেনকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রীর তরফে চালু করা হল ই-রুপি। ঠিক কীভাবে কাজ করবে এই ই-রুপি, আসুন জেনে নিই।

এই ই-রুপি হল এক ধরণের লেনদেনের পরিষেবা। ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া পরিষেবা দফতর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক ও জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ইউপিআই প্ল্যাটফর্মে এই পরিষেবা ব্যবস্থা চালু করেছে।

সরকারি বিবৃতি অনুযায়ী, এটি এক ধরনের কিউআর কোড বা এসএমএস স্ট্রিং-বেসড ইলেকট্রনিক ভাউচার। এই কোড উপভোক্তার মোবাইলে পাঠানো হবে। এটি এককালীন পেমেন্ট পদ্ধতি। কোনও রকমের ডেবিট কার্ড, ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই ব্যবহারকারীরা এই ভাউচার ভাঙাতে পারবেন বলে জানা গিয়েছে।

বিবৃতি অনুযায়ী, এই ই-রুপি কোনও শারীরিক ইন্টারফেস ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে পরিষেবার স্পন্সর বা পৃষ্ঠপোষকদের সুবিধাভোগী বা উপভোক্তা এবং পরিষেবা প্রদানকারীদের সাথে সংযুক্ত করবে। এছাড়াও এই ব্যবস্থার ফলে পরিষেবা প্রদানকারীকে অর্থ প্রদান শুধুমাত্র লেনদেন সম্পন্ন হওয়ার পরে করা হবে, তাও নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, এটি এক ধরনের প্রি-পেইড ব্যবস্থা। এর ব্যবহারের জন্য প্রয়োজন নেই কোনও মধ্যস্থতাকারীর। সেসব ছাড়াই পরিষেবা প্রদানকারীকে সময়মতো টাকা দেওয়ার দিতে পারা যাবে।

মা ও শিশু কল্যাণ স্কিম এবং টিবি নির্মূল কর্মসূচিতে ওষুধ ও পুষ্টিগত সাহায্যের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই ই-রুপি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও সার ভর্তুকির পাশাপাশি আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ওষুধ ও ডায়াগনসিসের পরিষেবা দেওয়া যাবে ই ব্যবস্থার সাহায্যে।

RELATED Articles