ক্ষমতায় এলে ত্রিপুরাতেও চালু হবে দুয়ারে সরকার প্রকল্প, পাখির চোখ এখন ২০২৩, সাফ জানালেন অভিষেক

বাংলায় জয়ের পর তৃণমূলের এবার লক্ষ্য ত্রিপুরা। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলই সে রাজ্যে ক্ষমতায় আসবে, এমনটাই দাবী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে রাজ্যে দাঁড়িয়েই বিজেপির বিপ্লব দেবের সরকারকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা।

আজ, সোমবার দুপুরে আগরতলায় সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, “আমাকে বার বার আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আটকানো যায়নি। আমরা লোহার মতো। যত তাতাবে, তত শক্ত হবে। আমাদের যত তাতাবে, তত জেদ বাড়বে”।

আরও পড়ুন- প্রথমেই ‘খেলা’য় বাধা, আগরতলায় লাগাতে দেওয়া হল না তৃণমূলের পতাকা, ভিডিওয় ক্ষোভ জাহির দেবাংশুর

এরপরই বিজেপি-র উদ্দেশে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেকের বার্তা, “আজকের তারিখ লিখে রাখুন। তৃণমূল এক বার ত্রিপুরায় পা রেখেছে। ত্রিপুরাই এখন আমাদের পাখির চোখ। আগামী দেড় বছরে এখানে গণতন্ত্র ও উন্নয়নের সরকার গড়ব। তবে তাতে আপনাদের সহযোগিতা দরকার”। এদিন অভিষেক এমন আশ্বাসও দেন যে ক্ষমতায় আসার পরে ত্রিপুরার মানুষও দুয়ারে সরকার ও অন্যান্য প্রকল্পের সুবিধা পাবেন।

ত্রিপুরাতে পা রাখার পর থেকেই কীভাবে তাঁকে বারবার আটকানোর চেষ্টা হয়েছে, সেসমস্ত কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন অভিষেক। এও জানান যে বিজেপি নিজেদের দলিয়্য কর্মীদের দিয়ে তাঁর গাড়িতে হামলা করিয়েছে, ছাত্রছাত্রীদের দিয়ে বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছে তারা। তবে তাঁর তিন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানান অভিষেক।

আরও পড়ুন- লক্ষ্য অসমও, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা সে রাজ্যের কংগ্রেসের প্রাক্তন সাংসদের, তুঙ্গে জল্পনা

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবী, আইপ্যাক কর্মীদের গৃহবন্দি করে বা তাঁর গাড়িতে হামলার করে তাদের থামানো যাবে না। তিনি এও বলেন, “আমি ৮-১০ দিনের মধ্যে আবার আসব। মাসে তিন বার আসব। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক”।

RELATED Articles