ডিজিটাল লেনদেনে আরও গতি আনতে এবার মোদী সরকার চালু করবে ই-রুপি ব্যবস্থা

ডিজিটাল লেনদেনে এবার আসবে আরও গতি। এর জন্য ই-রুপি ব্যবস্থা চালু করবে মোদী সরকার। গতকাল, সোমবার থেকেই চালু হবে এই ই-রুপি ব্যবস্থা। এর জেরে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর অনুযায়ী, ই-রুপি নামক এই ডিজিটাল ব্যবস্থা তৈরি করা হয়েছে ন্যাশানাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাহায্যে চালু হচ্ছে এই নতুন লেনদেন মাধ্যম।

এই বিষয়ে প্রধানমন্ত্রী দফতর থেকে দেওয়া একটি লিখিত বিবৃতিতে জানানো হয়, এই ই-রুপি হল এক ধরণের ই-ভাউচার। এটি মোবাইল থেকেই দেখা যাবে। এর জন্য কোনওরকম ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা কোনও ডিজিটাল পেমেন্ট অ্যাপের প্রয়োজন নেই।

পরিষেবা দানকারীদের সঙ্গে পরিষেবা গ্রহণকারীদের সম্পর্ক মসৃণ করে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। এও জানা গিয়েছে যে কোনওরকমের মধ্যস্থতাকারী ছাড়াই পরিষেবা দানকারীদের পেমেন্ট করা সম্ভব হবে।

এই বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরের তরফে আরও জানানো হয়, ওষুধ সরবরাহের ক্ষেত্রে এই ই-রুপিকে ব্যবহার করা যেতে পারে। এমনকী বেসরকারি প্রতিষ্ঠানগুলিও ই-রুপি ব্যবস্থা চালু করতে পারে। কর্মীদের সুবিধার্থে বা সামাজিক দায়দায়িত্ব পালনের জন্যও এই ই-রুপিকে ব্যবহার করতে পারে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়া গড়ার কথা বলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোল কেন্দ্র।

RELATED Articles