বিদেশ থেকে কালো টাকা এনে দেশের প্রত্যেক জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পাঠানো হবে। এটাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। কিন্তু দুবার ক্ষমতায় আসার পরও সেই টাকা কেউ পান নি।
এবার এরই এক অভিনব প্রতিবাদ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। রবিবার দুপুরে তাঁকে দেখা গেল চা বিক্রি করতে। কালো পাঞ্জাবী, কালো টুপি পরে ভবানীপুর এলাকায় চা বিক্রি করছেন তিনি।
আরও পড়ুন- ঘাসফুল চাষ করতে ত্রিপুরায় পৌঁছলেন দেবাংশু- জয়া-সুদীপ, আগরতলা স্টেশনে নামতেই বেজে উঠল ‘খেলা হবে’
পেট্রোপণ্য-সহ নানান নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে। এর ফলে আমজনতার মাথায় হাত। আর এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করছে তৃণমূল। এরই প্রতিবাদ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন তৃণমূল বিধায়ক।
এদিন মদন মিত্রের স্লোগান ছিল, “এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা। এমন চা আমেরিকার প্রেসিডেন্টও খাওয়াতে পারেননি। যা এখন মোদীজি আমাদের খাওয়াচ্ছেন”।
কিন্তু প্রশ্ন, এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা কেন বললেন মদন মিত্র?
আজ, রবিবার দুপুরে নিজের অনুগামীদের নিয়ে ভবানীপুর এলাকায় জমায়েত করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য এই জমায়েত। এদিন সকলেই পরেছিলেন প্রধানমন্ত্রীর মুখোশ। এরই মাঝে চা বিক্রি করছিলেন মদন মিত্র। যার এক কাপের দাম ১৫ লক্ষ টাকা। কারণ এমন প্রতিশ্রুতিই দিয়েছিলেন তৎকালীন বিজেপি পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এদিন এই বিষয়টিই তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদী।
এদিন মদন মিত্র বলেন, “ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। ওখানে পালিত হবে বিজয় দিবস”। বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন, এমন একটি ফেসবুক পোস্ট করেছেন।
আরও পড়ুন- কাটছে না জট, এবার দুই ‘ঘোষ’-কে একসঙ্গে তোপ দাগলেন বাবুল, ফের ফেসবুক পোস্ট
এই বিষয়ে মদন মিত্রের মত, “এত তাড়াতাড়ি আলবিদা কেন? এত সুন্দর আকাশ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আছে। এক মাঠে খেলবেন না, অন্য মাঠে খেলবেন। আমিও তো মাঝে প্র্যাকটিসে ছিলাম না। তাতে কী”? বাবুল সু্প্রিয়কে ঘুরিয়ে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন মদন মিত্র, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।





