লক্ষ্য ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’, মানুষকে যোগাসনমুখী করতে আন্তর্জাতিক যোগা দিবসে নতুন অ্যাপের ঘোষণা মোদীর

আজ আন্তর্জাতিক যোগা দিবস। এদিন সকাল সাড়ে ৬টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া জন্য। যোগাসন যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা জনগণকে বোঝানোর চেষ্টা করেন মোদী।

তাঁর কথায়, “করোনাকালে সংকটের সময় যোগাসন আশার আলো দেখিয়েছে। এই সময় মানুষের মনে যোগাসনের প্রতি ভালোবাসা বেড়েছে। গত দেড় বছরে গোটা দেশে অনেক মানুষ যোগাকে আপন করে নিয়েছে। অনেকেই চেষ্টা করছেন জীবনে অনুশাসন প্রতিষ্ঠার”।

আরও পড়ুন- কাশ্মীরে ভারতীয় সেনার এনকাউন্টারে নিকেশ লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার-সহ ৩ জঙ্গি 

মানুষের এই যোগার প্রতি উৎসাহকে আরও বাড়াতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করলেন mYoga অ্যাপ। তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আমরা mYoga নামের একটি অ্যাপ চালু করছি। এই অ্যাপে বিভিন্ন ভাষায় নানান ধরণের যোগার প্রশিক্ষণের ভিডিও থাকবে। গোটা বিশ্বের মানুষ এই অ্যাপের মাধ্যমে যোগা অনুশীলন করতে পারবেন। এই অ্যাপ ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সাহায্য করবে”।

এদিন মোদী আরও বলেন যে করোনার সময় মানুষের মনোবল বাড়াতে যোগাসন অনেক উপকার করেছে। অনেক চিকিৎসক ও প্রথম সারির যোদ্ধারা যোগাসনের মাধ্যমে নিজেদের ও রোগীদের চিকিৎসাও করেছেন, এমনটাও শুনেছেন তিনি।

এই বছর এই দিনটির থিম ছিল ‘সুস্বাস্থ্যের জন্য যোগা’। মোদী এদিন টুইট করে বলেন, “এই বছরের থিম সুস্বাস্থ্যের জন্য যোগা। এর লক্ষ্য হল যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখা”।

বলে রাখি, ২০১৪ সালে ২৭শে সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জে সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মোদী এই আন্তর্জাতিক যোগা দিবসের প্রসঙ্গ তোলেন। এরপর রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ২১শে জুন তারিখকে আন্তর্জাতিক যোগা দিবস বলে ঘোষণা করা হয়। সাত বছর ধরে গোটা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস।

RELATED Articles