আজ আন্তর্জাতিক নারীদিবস। এইদিন সমগ্র নারীজাতিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে থাকার আশ্বাসও দিলেন। এদিকে আবার কবিতার মাধ্যমে সকল মহিলাদের নারীদিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, মঙ্গলবার সকালে টুইট করে মহিলাদের নারীদিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “নারীদিবসে নারী শক্তিকে আমার কুর্নিশ। সরকার বিভিন্ন প্রকল্পে মাধ্যমে সবসময় নারী ক্ষমতায়নের চেষ্টা চালাবে”। ইতিমধ্যেই সরকারের তরফে নারীদের জন্য একাধিক কাজ করা হয়েছে বলেও টুইটে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আশ্বাস দেন যে এই ধারা বজায় থাকবে। নারীদিবস উপলক্ষ্যে মোদী আজ সন্ধে ৬টায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
নারীদিবসের দিন সকালে মহিলাদের উদ্দেশে টুইটারে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে তিনি লিখেছেন, “তোমরা আমাদের গর্বিত করেছ। তোমাদের ছাড়া সমাজ কোনওদিন এভাবে এগিয়ে যেতে পারত না”। সরকার যে মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করছে, তাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এদিন ফেসবুকে কবিতার মাধ্যমে নারীদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “আমি কন্যা আমি কন্যাশ্রী/ আমি ভাগ্য আমি ভাগ্যশ্রী/আমি যশ আমি যশশ্রী/আমি ভূমি আমি ভূমিশ্রী/ আমি জীবন আমি যৌবন গড়ি ভাগ্য/ আমি সভ্যতা নই অজ্ঞ / আমি জ্ঞানী গড়ি স্বর্গ / আমি বিদ্যা, আমি বুদ্ধি, আমি পূজার অর্ঘ্য / আমি সংসার আমি রাস্তা/ আমি আগামী আমি আস্থা / আমি বিশ্বাস আমি ভরসা আমি ধন্যা / আমি জীবন আমি যৌবন আমি অনন্যা”।
শুধু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীই নন, নারী দিবসে সর্বস্তরের মানুষই মহিলাদের কুর্নিশ জানিয়েছেন।





