দেশকে সংগঠিত করতে যেমন কৃষকদের অবদান অনস্বীকার্য। ঠিক তেমনিই, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে বারবার অংশ নিয়েছেন কৃষকেরা। নানান আন্দোলনে তাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এমনকি, কৃষকেরা যে চৌরিচৌরা আন্দোলনেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন, তা ফের একবার মনে করালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৯২২ সালের ৫ই ফেব্রুয়ারি ঘটে চৌরিচৌরার ঘটনা। আগামীকাল এই ঘটনার শতবর্ষপূর্তি। সেই উপলক্ষ্যেই ফের একবার এই ঘটনার স্মৃতি ফেরালেন মোদী। তিনি বলেন, “চৌরিচৌরা আমাদের অনেক কিছু শিখিয়েছে। সেই ঘটনায় আন্দোলনকারীদের সংগ্রাম আমদের সকলকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে আরও উদ্বুদ্ধ করেছে”।
তিনি আরও বলেন যে চৌরিচৌরা ঘটনায় শুধুমাত্র সেদিন একটি থানায় আগুন লাগেনি। সেদিন আগুন লেগেছিল মানুষের মনে। তাই এই ঘটনাকে একেবারেই ছোটো করে দেখা উচিত নয় বলেই মনে করেন প্রধানমন্ত্রী। এও বলেন যে এই ঘটনা থেকে যে বার্তা দেওয়া হয়, তার প্রভাব অনেক বড়।
এই প্রেক্ষিতেই মোদী বলেন যে এই চৌরিচৌরা ঘটনাতে কৃষকেরা বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তাদের ভূমিকার ভুয়ো প্রশংসা করেন তিনি। এরই সঙ্গে পরোক্ষভাবে এও বুঝিয়ে দেন যে নতুন কৃষি আইন কিন্তু আখেরে কৃষকদের সাহায্য করবে।
এদিন মোদী বলেন যে, গত ৬ বছরে কৃষকদের আত্মনির্ভর করতে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ফলে করোনা পরিস্থিতির সময়েও কৃষিক্ষেত্রে বেশ লাভ হয়েছে।





