বিভিন্ন টালবাহানা, আশা আশঙ্কার মাঝে অবশেষে সুখবর। চলতি বছরের জুলাইতে আয়োজিত হবে ৪৫তম কলকাতা বইমেলা। এমন খবরই নিশ্চিত করলো আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। তাঁদের তরফে আজ বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, চলতি বছরের জুলাইতেই সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হবে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তবে নির্ঘণ্ট এখনও জানানো হয়নি।
ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন, জেনিভা প্রকাশিত বইমেলা ক্যালেন্ডার অনুযায়ী ২০২১-এর ২৭শে জানুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতা বইমেলা।
প্রসঙ্গত, করোনা অতিমারীর কারণে পিছিয়ে দিতে হয় বইমেলা। গত ডিসেম্বরেই গিল্ডের তরফে জানানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলার পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে গিল্ডের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আগামী জুলাই মাসে আয়োজিত হবে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।
এই ঘোষণার সঙ্গেই গিল্ড জানিয়েছে এই বারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল, এ বারের বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপিত হবে। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও পালিত হবে বইমেলায়।





