সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শেই ভারত আজ যে কোনও অভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জকে মোকাবিলা করতে প্রস্তুত, দাবী প্রধানমন্ত্রীর

আজ, রবিবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী। প্রতি বছরই এই দিনটি ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে পালন করা হয়। এদিন সর্দার বল্লভাভাই প্যাটলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে গুজরাতের নর্মদা জেলায় একটি অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বক্তৃতা রাখতে গিয়ে মোদী বলেন যে সর্দার প্যাটেলের আদর্শ মেনে একসঙ্গে পথ চললে ভারতের কাছে কোনও কোনও লক্ষ্যই কঠিন হবে না। তিনি এও বলেন যে লৌহমানবের অনুপ্রেরণার জেরেও ভারত আজ যে কোনও অভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জকে মোকাবিলা করতে প্রস্তুত।

নরেন্দ্র মোদী এই মুহূর্তে দেশে নেই। তিনি ইটালি গিয়েছেন জি২০ সম্মেলনে যোগ দিতে। এরপর ব্রিটেনেও যাওয়ার কথা রয়েছে তাঁর। এরই মাঝে ভার্চুয়াল বক্তৃতায় তিনি সর্দার বল্লভভাইকে সম্মান জানান। মোদীর কথায়, ভারত যে কোনও অভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জকে আজ মোকাবিলা করতে প্রস্তুত। আর তা সর্দার প্যাটেলের আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য়ই সম্ভব হয়েছে বলে মত প্রধানমন্ত্রীর।

এদিন প্রধানমন্ত্রী বলেন, “আজ গোটা দেশ সর্দার প্যাটেলকে সম্মান জানাচ্ছে, যিনি ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতে’র আদর্শকে সত্যি করে তুলতে নিজের প্রাণ দিয়েছিলেন। তিনি কেবল ইতিহাসের অংশ হয়েই বেঁচে আছেন তা নয়। তিনি সমস্ত ভারতীয়র হৃদয়ে বাস করেন”।

https://twitter.com/narendramodi/status/1454664544903593984?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1454664544903593984%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Finspired-by-sardar-patel-india-fully-capable-to-meet-any-internal-external-challenge-says-pm-modi%2F

এদিন প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, “ভারত কেবল একটা ভৌগলিক ক্ষেত্র মাত্র নয়। এটি আদর্শ, সংকল্প, সভ্যতা, সংস্কৃতির মানদণ্ডেও পরিপূর্ণ। ভারত এমন এক দেশ যেখানে ১৩০ কোটি ভারতীয়র স্বপ্ন, আকাঙ্ক্ষাও একাকার হয়ে রয়েছে”। করোনা অতিমারীর বিরুদ্ধে সকলের একজোট হয়ে লড়াই করার কথাকে মনে করিয়ে সমস্ত ভারতীয়কে একসঙ্গে এগোনোর কথা বলে মোদী।

উল্লেখ্য, আজ, রবিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও প্রয়াণ দিবস। এদিন তাঁর স্মারক স্থল ‘শক্তিস্থল’-এ গিয়ে পুষ্পস্তবক দিয়ে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেস নেতা তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তবে প্রধানমন্ত্রী এদিন নিজের ভাষণে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস নিয়ে কোনও উল্লেখ করেননি।

RELATED Articles