অবশেষে জল্পনা সত্যি হল। দীর্ঘদিন প্রচেষ্টার পর অবশেষে তৃণমূলে ফিরতে সক্ষম হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার ত্রিপুরার আগরতলায় ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এই সভামঞ্চেই নিজের পুরনো দল তৃণমূলে ফিরে গেলেন রাজীব। অকপটে স্বীকার করে নিলেন যে বিজেপিতে যোগ দিয়ে ভুল করেছিলেন তিনি।
রবিবার বারবেলায় তৃণমূলে যোগ দিয়েই রাজীব বলেন, “জেদের বশে বিজেপিতে গিয়েছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আধ ঘণ্টা বুঝিয়েছিলেন। কিন্তু শুনিনি। আমি লজ্জিত, অনুতপ্ত। আমি দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী কার্ডের সমালোচনা করেছিলাম। ভেবেছিলাম হয়ত শুধু ভোটের জন্য এই প্রকল্প। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রমাণ করে দিয়েছেন যে আমি ভুল ছিলাম। ভোটের পরেও দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী কার্ড চলছে”।
বিজেপিতে যোগদানের পর রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকারের’ কথা বলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গেই তিনি বলেন, “ডবল ইঞ্জিন সরকারের কথা বলে আমি বিপদে পড়ে গিয়েছিলাম। কারণ ত্রিপুরাতে ডবল ইঞ্জিন কেন, সিঙ্গল ইঞ্জিন সরকারও গঠন হয়নি”।
এদিন বিজেপিকে তীব্র কটাক্ষ করেন রাজীব। তাঁর কথায়, “আমি বারেবারে বলেছিলাম পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কমাতে হবে। কিন্তু সে কথা শোনা হয়নি। শিল্প নিয়েও কোনও চেষ্টা তাদের মধ্যে দেখা যায়নি”।
অন্যদিকে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে রাজীব বলেন, “কংগ্রেস সিপিএমকে একটাও ভোট দেবেন না। ওদের ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। একইসঙ্গে বিজেপির উদ্দেশ্যে রাজীবের হুঁশিয়ারি একবার নিরপেক্ষ ভোট হোক, আমরাও দেখিয়ে দেখ ক্ষমতা”।





