করোনার তৃতীয় ঢেউ আসার আগেই প্রস্তুতি শুরু করল মোদী সরকার। তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কমাতে এবার দেশজুড়ে তৈরি হচ্ছে দেড় হাজার অক্সিজেন প্ল্যান্ট। আজ, শুক্রবার অক্সিজেন সরবরাহ সংক্রান্ত রিভিউ মিটিং-এ এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর কথায়, এই অক্সিজেন প্ল্যান্টগুলি একসঙ্গে সক্রিয় হয়ে উঠলে গোটা দেশে একসঙ্গে চার লক্ষ রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। আধিকারিকদের উদ্দেশ্যে মোদী নির্দেশ দেন যাতে এই প্ল্যান্টগুলি দ্রুতই কার্যকর করা সম্ভব হয়।
আরও পড়ুন- কোথায় সামাজিক দুরত্ব, লকডাউন শিকেয় তুলে বামন গরুকে দেখতে বাংলাদেশের মানুষের জমায়েত
করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পড় দেশজুড়ে ব্যাপক অক্সিজেনের সঙ্কট দেখা দেয়। দেশের নানান বড় শহরগুলিতেই অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। বিশেষ করে অক্সিজেনের সমস্যা দেখা গিয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে। উত্তরপ্রদেশ সরকার স্বীকার না করলেও, সে রাজ্যেও অক্সিজেনের সঙ্কট দেখা দেয়। আর এর জেরে প্রচুর মানুষ প্রাণও হারান।
দ্বিতীয় ঢেউয়ের সময় এমন অক্সিজেনের অভাবের ফলে দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। তাই তৃতীয় ঢেউয়ে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এই কারণে আগেভাগেই ব্যবস্থা নেওয়া শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর নির্দেশেই পিএম কেয়ার্স তহবিল থেকে এই ১,৫০০টি Pressure Swing Adsorption (PSA) মেডিক্যাল অক্সিজেন প্লান্ট তৈরি করা হচ্ছে। এই প্ল্যান্টগুলি প্রতিষ্ঠা করা হবে জেলা হাসপাতাল বা বড় সরকারি হাসপাতাগুলিতে। আর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। মোদীর নির্দেশ, যত দ্রুত সম্ভব এই অক্সিজেন প্ল্যান্টগুলি কার্যকর করতে হবে।
আজ, শুক্রবার রিভিউ মিটিংয়ে প্রধানমন্ত্রী জানান, সমস্ত PSA অক্সিজেন প্ল্যান্টগুলি সক্রিয় হলে দেশে একসঙ্গে ৪ লক্ষ অক্সিজেন বেডে জীবনদায়ী এই গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এদিনের রিভিউ মিটিংয়ে প্রধানমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন যাতে সমস্ত হাসপাতালের আধিকারিকদের এই বিষয়ে সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে এই অক্সিজেন প্ল্যান্টগুলি রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে এগুলি সঠিকভাবে কার্যকরী থাকে।





