আজব দুনিয়া বটে, নিজের জীবনের মায়া নেই। করোনার বিধিনিষেধকে তুড়ি মেরে উড়িয়ে কাতারে কাতারে বাংলাদেশের মানুষ ভিড় জমাল বামন গরু দেখতে। ৫১ সেন্টিমিটারের সেই প্রাণীটিকে নিয়ে এখন সে দেশে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
বাংলাদেশের রাজধানী ঢাকার কাছেই রয়েছে ‘কিশোর এগ্রো ফার্ম’, সেখানকার খামারেই রয়েছে সেই ৫১ সেন্টিমিটারের বামন গরু, রানী। ২ বছর ৩ মাসের সেই প্রাণীটিকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেই।
সে দেশের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার দৌলতে রানী এখন রীতিমতো সে দেশের সেলিব্রিটি। এদিকে দেশে করোনা সংক্রমণের এরে জারি হয়েছে লকডাউন। কিন্তু কোথায় কী, সব ভুলে হাজার হাজার মানুষ ওই ফার্মে জড়ো হচ্ছেন রানীকে দেখতে। শুধু কী আর দেখা, সেই প্রাণীর ছবি তোলা, প্রাণীটির সঙ্গে সেলফি, সবই চলছে জোর কদমে।

খামারটির ম্যানেজার এ এম হাসান হাওলাদার জানান যে রানীকে দেখতে গত তিনদিনে প্রায় ১৫ হাজার মানুষ এসেছে। স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলামের কথায়, “আমি এর আগে এমণ গরু কোথাও দেখিনি। এ বড় চমকপ্রদ। নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না”।

এদিকে, রানিকে বিশ্বের ক্ষুদ্রতম গরু বলে দাবী করেছে তার মালিক। তারা দাবী, গিনেস বুকে থাকা ক্ষুদ্রতম গরুটির থেকে রানির উচ্চতা ১০ সেন্টিমিটার কম। প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে কেরলে।
এদিকে, হাজার হাজার মানুষ এভাবে গরু দেখতে ছোটায় বেশ উদ্বিগ্নে রয়েছে প্রশাসন। বাংলাদেশে বেশ তীব্রতার সঙ্গে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বিধিনিষেধ জারি করলেও কিছুটা ছাড় দেয় হাসিনা সরকার। কিন্তু তাতে লাভ মেলেনি। এই কারণে এবার ঢাকা-সহ গোটা বাংলাদেশেই কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ১৪ই জুলাই পর্যন্ত জারি রয়েছে লকডাউন।





