গতকালের প্রতিশ্রুতি মতোই আজ সকাল ন’টায় লাইভ ভিডিও-বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে বললেন যে, ‘আগামী ৫ এপ্রিল রাত ন’টায় ন’মিনিটের জন্যে ঘরের আলো বন্ধ করে বারান্দায় মোমবাতি, টর্চ নিয়ে আসুন’। করোনা সঙ্কটের অন্ধকার দূর করার জন্য এই সিদ্ধান্ত বলে দাবি করলেন তিনি।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছিলেন, তিনি শুক্রবার সকাল ন’টার সময় একটি ভিডিও বার্তা দেবেন দেশের মানুষের জন্য। সেই ভিডিও প্রকাশ হতেই মোদী দেশবাসীর উদ্দেশ্যে বললেন, ‘লকডাউনের সময় দেশের মানুষ যেমন অনুশাসনের পরিচয় দিয়েছেন, তা অভূতপূর্ব। আপনারা যেমন ভাবে ২২ মার্চ রবিরার করোনার যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছিলেন, তা উদাহরণ হয়েছে। এই সংকটের মুহূর্তে দেশের শক্তির পরিচয় দিয়েছে দেশ।’
তিনি আরও বলেন যে, ‘আজ যখন দেশের কোটি কোটি মানুষ বাড়িতে আছেন, তখন কারোর মনে হতে পারে, আমি একা কী করব। এতবড় লড়াই তাঁরা একা লড়বেন কী করে? কতদিন আর এভাবে থাকতে হবে? কিন্তু বিশ্বাস করুন, আমাদের মধ্যে কেউ একলা নয়। আমরা সবাই সবার সম্বল। আমাদের এখানে সাধারণ মানুষই ঈশ্বরের রূপ। আর এতবড় লড়াইয়ের সেই জনতারূপী বিরাট ঈশ্বরের দর্শন আমি রোজ পাচ্ছি। আমার পথ আরও স্পষ্ট হচ্ছে। করোনা অতিমারীর অন্ধকারের মধ্যে থেকে আমাদের আলোর দিকে যেতে হবে। করোনা সংকটে যাঁরা সবচেয়ে বেশি প্রভাবিত সেই গরীব মানুষকে আশার দিকে নিয়ে যেতে হবে। আর সেই জন্য এই রবিরাব, ৫ এপ্রিল, করোনার সংকটের লড়াই লড়তে আমাদের শক্তির পরিচয় দিতে হবে। এই ৫ এপ্রিল আমাদের মহাশক্তির জাগরণ করতে হবে। তাই ৫ এপ্রিল রাত ৯ টায়, আপনাদের ৯ মিনিট আমি চাই। আপনারা ওইদিন রাতে ঘরের সব লাইট বন্ধ করে আপনারা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান। তবে এই আয়োজনের সময় কেউ একজোট হবেন না। নিজেরা নিজেরা এটি পালন করবেন’।
দেশবাসীর কাছে আজ মোদি কী বলবেন, তাই নিয়েই ছিল জল্পনা। তবে তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন লকডাউন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা না করে আলো জ্বালানোর কথা বলবেন, তা কেউই আন্দাজ করতে পারেননি। অন্যদিকে দেশে ক্রমাগতই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে দু’হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। দেশে মৃত্যু হয়েছে ৫৩ জনের।





