‘ভোট নিজস্ব জায়গায়, চলতে থাকবে, বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ তা যেন ধাক্কা না খায়’, বাজেট শুরু আগে বার্তা মোদীর

সামনেই পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এই আবহেই শুরু হয়েছে সংসদে বাজেট অধিবেশন। এই নির্বাচনের প্রভাব যাতে সংসদে না পড়ে, এই জন্য বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আশা, নানান রাজ্যে ভোট হলেও, সাংসদরা বাজেট অধিবেশনে অংশগ্রহণ করবেন।

আজ, সোমবার বাজেট অধিবেশন শুরু আগেই মোদী বলেন, “মাঝমধ্যেই ভোটের কারণে অধিবেশন প্রভাবিত হয়। প্রভাবিত হয় আলোচনা এবং বিতর্কও। ভোট নিজস্ব জায়গায় আছে। ওটা চলতে থাকবে। কিন্তু এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা পুরো বছরের গতিপ্রকৃতি নির্ধারণ করে দেয়। বাজেট অধিবেশন যতটা কার্যকরী করে তুলব, তত আগামী বছর ভালো হবে। তাই মুক্তচর্চা, মানবিকতা, ভালো উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে হবে সকলকে”।

এর মধ্যেই বাজেট অধিবেশনে সুষ্ঠুভাবে আলোচনার বার্তাও দেন প্রধানমন্ত্রী। বলেন, “আজ বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বাজেট অধিবেশনে সকল দেশবাসী এবং সাংসদদের স্বাগত জানাচ্ছি। বিশ্বে যা অবস্থা, তাতে ভারতের সামনে প্রচুর সুযোগ আছে। ভারতের আর্থিক উন্নতি, টিকাকরণ কর্মসূচি, মেড ইন ইন্ডিয়া টিকা নিয়ে বিশ্বের আস্থা তৈরি করবে এই অধিবেশন। এই বাজেট অধিবেশনেও সাংসদদের চর্চা, আলোচনার বিষয়বস্তু এবং খোলা মনে বিতর্কের মতো বিষয়গুলি বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। আশা করছি, সকল সাংসদ, সব রাজনৈতিক দল ভালোভাবে এবং খোলা মনে আলোচনার মাধ্যমে দেশকে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে”।

RELATED Articles