সৃষ্টি হবে এক নতুন ইতিহাস, শিখ গুরুর জন্মবার্ষিকীতে সূর্যাস্তের পর লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী

গুরু তেগ বাহাদুরের ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক নতুন ইতিহাসের সৃষ্টি হতে চলেছে। এদিন সূর্যাস্তের পর লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে কোনও প্রধানমন্ত্রী সূর্যাস্তের পর লালকেল্লা ভাষণ দেন নি। নরেন্দ্র মোদীই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তা করতে চলেছেন।

সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, এই দুর্গ থেকেই মুঘল শাসক আওরঙ্গজেব ১৬৭৫ সালে নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ করার আদেশ দিয়েছিলেন। সেই কারণেই গুরু তেগ বাহাদুরের ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভাষণ দেওয়ার জন্য লাল কেল্লাকে বেছে নেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, আজ, বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

স্বাধীনতা দিবস ছাড়া লালকেল্লা থেকে অন্য দিনও এবার ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। ২০১৮ সালেও নেতাজি সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ সরকার গঠনের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে লালকেল্লায় পতাকা উত্তোলন করেছিলেন মোদী। সেবার সকাল ৯টায় ভাষণ দেন তিনি।

আজকের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ৪০০ শিখ সঙ্গীতশিল্পী। থাকবে লঙ্গর। জানা গিয়েছে, এই অনুষ্ঠান উপলক্ষ্যে স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লার কাছেই রয়েছে চাঁদনী চক।

সেখানে রয়েছে গুরুদ্বার সিস গঞ্জ সাহেব। মুঘলরা যেখানে গুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ করেছিল, সেখানেই তৈরি করা হয়েছে এই গুরুদ্বার। শিখ গুরুর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষরা।

RELATED Articles