‘সুকান্তর অভিজ্ঞতা কম, পুরনো নেতাদের দেখেই মানুষ রাস্তায় নেমেছে, যোগ্যদের বাদ দিলে হবে না’, দলে নয়া-পুরাতন দ্বন্দ্ব উস্কে দিলেন দিলীপ

দলের অন্তর্দ্বন্দ্ব যেন বঙ্গ বিজেপিকে ধীরে ধীরে গ্রাস করছে। জেলায় জেলায় এই দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের বিক্ষুব্ধদের বারবার সতর্ক করে দিয়েছেন যাতে কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলেন।

এবার যেন আদি-নব্য দ্বন্দ্ব উস্কে দিলেন বিজেপিরন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে সরিয়েই রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছিলেন সুকান্ত মজুমদার। এবার তাই হয়ত পুরনোদের গুরুত্ব দেওয়ার বিষয়টি সুকান্তকে বুঝিয়ে দিলেন দিলীপ।

দিলীপ ঘোষের কথায়, “সুকান্তর অভিজ্ঞতা কম। সবে দায়িত্ব পেয়েছে। তবে ওর জানা উচিত যারা এতদিন আন্দোলন করেছেন, তাদের গুরুত্ব দেওয়া জরুরি”। তিনি আরও বলেন, “দলের পুরনো সব নেতাদের দেখেই, তাদের বিশ্বাস করেই মানুষ রাস্তায় নেমেছে। তাই তাদের ভুলে গেলে চলবে না”।

সুকান্ত মজুমদার যেভাবে নতুনদের নিয়ে দল সাজানোর চেষ্টা করছেন, তাতেই কী তবে পরোক্ষভাবে আপত্তি তুললেন দিলীপবাবু? তাঁর এমন মন্তব্য যেন কোথাও গিয়ে আদি-নব্য দ্বন্দ্বকে উস্কে দিল। নাম না করেই এদিন দিলীপ ঘোষ সতর্কবার্তা দেন যে যোগ্য লোকদের বাদ দিলে কোনওভাবেই চলবে না। এখান থেকে স্বভাবতই প্রশ্ন ওঠে যে তাহলে কী সংস্কার করতে গিয়ে যোগ্য নেতাদেরই বাইরে পাঠিয়ে দিচ্ছেন সুকান্ত মজুমদার?

এদিকে, উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর দলের সংগঠনের দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন সৌমিত্র খাঁ, অনুপম হাজরারা। এতদিন এই বিষয়টি কার্যত এড়িয়ে গেলেও এবার এই প্রসঙ্গ নিয়ে সরব হলেন দিলীপ ঘোষ। এবার সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতির তোপ কীভাবে সামলান, এখন সেটাই দেখার!

RELATED Articles