মাঝরাতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বড় গণ্ডগোল। হ্যাক হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট। গতকাল, শনিবার রাত ২টো ১১ মিনিট নাগাদ প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে একটি বিতর্কমূলক পোস্ট করা হয়।
মোদীর টাইমলাইনে এই পোস্টটি প্রায় ৩ মিনিট ছিল। এরপর তা মুছে দেওয়া হয়। এরপরই টুইটার কর্তৃপক্ষের তরফে মোদীর টুইটার অ্যাকাউন্ট রিস্টোর করা হয়।
মোদীর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পিছনে কাদের হাত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘটনা ঘটিয়েছে বিটকয়েন মাফিয়ারা।
কারণ, মাঝরাতে মোদীর টুইটারে পোস্ট করে ঘোষণা করা হয়েছিল, ভারত সরকার বিটকয়েনকে বৈধতা দিয়েছে। শুধু তাই নয়, ওই টুইটে আরও বলা হয়, ভারত সরকার নিজে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি কিনে তা সাধারণ নাগরিকদের মধ্যে বিলিয়ে দেবে। টুইটার কর্তৃপক্ষের তরফে মিনিট তিনেক বাদে সেই পোস্টটি মুছে দেয়।

এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয় যে নরেন্দ্র মোদীর নিজস্ব টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়টি জানানো হলে টুইটার কর্তৃপক্ষও দ্রুত অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে।
https://twitter.com/PMOIndia/status/1469786236990607361?ref_src=twsrc%5Etfw
এই টুইটে আরও বলা হয় যে ওই সামান্য সময়ে যে টুইট শেয়ার করা হয়েছে, তা যেন সকলে এড়িয়ে চলেন। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিশেষ টিম হ্যাকিংয়ের নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।





