ভিড় এড়াতে এবার বাড়ি থেকেই পোস্টাল ব্যালটের ভোট দিতে পারবেন সাধারণ মানুষ। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই ঘোষণা করল ভারতীয় নির্বাচন কমিশন। তবে এই সুবিধা পাবেন কেবলমাত্র ৬৫ বছরের ঊর্ধ্বের মানুষ ও করোনা আক্রান্তরা। যারা কোয়ারান্টাইনে রয়েছেন তারাও এই সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ২৬ শে নভেম্বর বিহারে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। সেই কারণে এই চলতি বছরের অক্টোবর বা নভেম্বরেই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই বিধানসভা নির্বাচনের কিছু শর্তাবলি এখন থেকে জানিয়ে রাখল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে, ভিড় এড়াতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। সমস্ত সামাজিক দূরত্ব বিধি মেনেই ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। প্রতিটা ভোটগ্রহণ কেন্দ্রে হাজার জনের বেশি ভোটদাতা প্রবেশ করানো যাবে না।
এর আগে ৮০ বছর ও তার ঊর্ধ্ব বয়সী ব্যক্তিরা বাড়িতে বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেতেন। এছাড়াও যেসকল মানুষ জরুরি পরিষেবায় সংযুক্ত এবং সেই পরিষেবার কারণেই নিজের ভোটদান কেন্দ্রের থেকে অনেক দূরে বসবাস করছেন তাদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিয়ম চালু ছিল। এইবার নতুন নিয়ম অনুসারে বিহারের বিধানসভা নির্বাচনে ৬৫ বছর ও তার ঊর্ধ্ব বয়সী ব্যক্তিরা এবং করোনা আক্রান্তরা বাড়িতে বসেই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
এরপরেই রয়েছে উত্তরপ্রদেশের চব্বিশটি বিধানসভা আসনের উপনির্বাচন। করোনার কারণে রাজ্যসভা নির্বাচন পিছিয়ে জুনে হয়েছিল। কলকাতার পুর নির্বাচনও পিছিয়ে গিয়েছে। এই নির্বাচনগুলোতেও এই নিয়মগুলো চালু করবে নিবার্চন কমিশন এমনটাই আশা করা যাচ্ছে।





