বিজেপি শাসিত রাজ্যের বিপক্ষে কেন্দ্র! বিবাহে কোনও ধর্মান্তরণ বিরোধী আইন আনার পরিকল্পনা নেই, জানালো স্বরাষ্ট্রমন্ত্রক

সমগ্র ভারতে এই মুহূর্তে বিবাহবন্ধনের ওপর কোনও ধর্মান্তরণ বিরোধী আইন আনার পরিকল্পনা নেই বলে গতকাল অর্থাৎ মঙ্গলবার লোকসভায় জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

তবে যেহেতু কেন্দ্রের শাসনভার রয়েছে বিজেপির হাতে সেই ক্ষেত্রে বিজেপিশাসিত রাজ্যগুলোর ধর্মান্তরণ বিরোধী আইন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। কারণ ইতিমধ্যেই বেশ কিছু বিজেপি শাসিত রাজ্য ধর্মান্তরণ বিরোধী আইন আনা শুরু করে দিয়েছে।

এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে বিজেপিশাসিত রাজ্যগুলো যদি এমন পদক্ষেপ করে থাকে, তাহলে কেন্দ্র সেই বিষয়ে কি  ভাবনাচিন্তা করছে? এই বিষয়ে লোকসভায় প্রশ্ন উঠলে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি নিজের বক্তব্যে স্পষ্ট জানান, ‘তেমন কোনও সম্ভাবনা নেই। রাজ্য এই বিষয়টি দেখবে।  যা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যই’।

এই প্রসঙ্গে, রেড্ডি সংবিধানের সপ্তম তফশিল আইনের কথা উল্লেখ করে বলেন, ধর্মান্তরণ সংক্রান্ত কোনও বিষয় চিহ্নিত করা এবং তার জন্য যথাযথ পদক্ষেপ করার দায়িত্ব রয়েছে রাজ্যের হাতে। এমনকি আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে রাজ্যের।

প্রসঙ্গত উল্লেখ্য, যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ ও শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশ সরকার দ্বারা তৈরী বিতর্কিত ভিনধর্মে বিয়ের বিরোধী আইনগুলির পটভূমি থেকেই প্রশ্নটি উঠে আসে। আইন পাস হওয়ার পর থেকেই এই দুই রাজ্যে গ্রেফতার নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। বেশিরভাগ মুসলিম পুরুষের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, ধর্মন্তরণ করার জন্য হিন্দু মহিলাদের জোর করে বিয়ে করার চেষ্টা করছে তাঁরা।বিয়ে করার নামে জোর করে ধর্ম পরিবর্তন আটকাতে ও হিন্দু ধর্মের রক্ষায় অসম ও কর্ণাটকের সরকারও ঘোষণা করতে চলেছে  বিবাহবন্ধনে ধর্মান্তরণ বিরোধী আইন। কিন্তু কেন্দ্রের এই ধরনের সিদ্ধান্ত বাকি রাজ্য গুলির উপর কি প্রভাব ফেলবে বা তারা কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার।

RELATED Articles