১৮ই জুন থেকে হচ্ছে না লকডাউন, গুজব ছড়াতে মানা পিআইবি-র

দেশে লকডাউন পুরোপুরি এখনও শিথিল হয়নি। কনটেনমেন্ট জোনগুলিতে এখনো কঠিন ভাবে পালন করা হচ্ছে লকডাউন। পয়লা জুন থেকে আনলক ফেজ ওয়ানের মধ্যে দিয়ে ভারত গেলেও বিগত এক সপ্তাহে ভারতে সংক্রমণের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই চারিদিকে জল্পনা শুরু হয়েছে কেন্দ্র থেকে গোটা দেশে আবার পুরোপুরি লকডাউন জারি করা হতে পারে। তা কার্যকর করা হবে ১৮ই জুন থেকে। এরকম একটি খবর হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু সেই গুজব এবার খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার।

গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় এই নিয়ে আলোচনা চলছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন দেশবাসী। রবিবার কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে এই সম্ভাবনার কথা বাতিল করা হয়। পিআইবি-র তরফে এ দিন বলা হয়েছে, ফেসবুকে পোস্ট করা এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত এরকম কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

https://twitter.com/PIBFactCheck/status/1272164436053094400?s=20

করোনা সংক্রমণ রোধ করার জন্য গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশব্যাপী কঠোরতা আরোপ করা হয়। মে মাস পর্যন্ত চার দফায় লকডাউন করা হয়। এরপর দফায় দফায় লকডাউন ধীরে ধীরে শিথিল করা হয় যাতে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরে‌।

আনলক ১ প্রক্রিয়ায় অর্থনীতিকে দাঁড় করাতে ধীরে ধীরে নিষেধাজ্ঞা রদ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। চলতি মাসের গোড়া থেকে খুলে দেওয়া হয়েছে সমস্ত ধর্মস্থান, শপিং সেন্টার ও রেস্তোরাঁ। কিন্তু মানুষ যেহেতু বাড়ি থেকে বেরোতে এখনও ভয় পাচ্ছেন (যা খুবই স্বাভাবিক) তাই কোথাওই ব্যবসা জমেনি। ধর্মস্থানগুলিতেও এখনও পর্যন্ত বেশি লোকের দেখা মেলেনি।

এছাড়া পর্যটনের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে সমস্ত বিধিনিষেধ। লোকাল ও মেট্রো রেল বাদ দিয়ে সমস্ত ধরনের গণপরিবহন চালাচ্ছে ভারত সরকার। তবে কিছু রাজ্য আছে যারা নিজস্ব কোয়ারেন্টাইন বিধি অনুযায়ী নিজেদের রাজ্যে বিভিন্ন রকমের বিধি নিষেধ এখনও বজায় রেখেছে।

RELATED Articles

Leave a Comment