স্কুলে পড়াকালীন ইন্টার্নশিপ, ষষ্ঠ শ্রেণি থেকে কম্পিউটার কোডিং, নতুন শিক্ষানীতিতে আপ্লুত সকলেই

বর্তমান যুগ প্রযুক্তির উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। কম্পিউটার টেকনোলজি এবং ইন্টারনেট ছাড়া গোটা বিশ্ব বর্তমানে অন্ধকার। তাই ভারতীয় পড়ুয়ারা যাতে অল্প বয়স থেকেই এই প্রযুক্তি জগতের সাথে সড়গড় হতে পারে তার জন্য নতুন শিক্ষানীতিতে ষষ্ঠ শ্রেণি থেকেই কোডিং শেখানোর নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও অল্প বয়স থেকেই যাতে ছাত্র-ছাত্রীদের মন কর্মক্ষম হয়ে উঠতে পারে সেই জন্য একইসঙ্গে স্কুলে পড়ার সময়েই পড়ুয়ারা ইন্টার্নশিপের সুযোগ পাবে।

দীর্ঘ ৩৫ বছর পর বুধবার দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো হয়। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে শিক্ষা মন্ত্রক রাখা হয়েছে। বদলে ফেলা হচ্ছে সমস্ত সিলেবাস যেখানে মুখস্থ বিদ্যা নয়, মৌলিক চিন্তাধারার ওপর জোর দেওয়া হচ্ছে। সেই জন্য ষষ্ঠ শ্রেণি থেকেই ভোকেশনাল এডুকেশন শুরু হতে চলেছে।

এই ভোকেশনাল ট্রেনিংয়ে স্কুলস্তরে ১০ দিনের ইন্টার্নশিপ করার সুযোগ পাবে পড়ুয়ারা। পড়ুয়ারা স্থানীয় শিল্পীদের থেকে বিভিন্ন শিল্পের প্রশিক্ষণ নিতে পারবে। ফলে প্রাক-স্কুল এবং স্কুল ছাড়ার স্তরে পড়ুয়াদের মৌলিক চিন্তাধারার ক্ষেত্রে বাড়তি জোর পাবে বলে দাবি কেন্দ্রের।

এছাড়াও ষষ্ঠ শ্রেণি থেকেই কম্পিউটার এর কোডিং শেখানো শুরু হবে দেশে। স্কুলশিক্ষা সচিব বলেন, “একবিংশ শতাব্দীর দক্ষতার অংশ হিসেবে স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে পড়ুয়াদের কোডিং শেখানো হবে।” কেন্দ্রীয় সরকারের যুগান্তকারী এই সিদ্ধান্ত ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে সর্বস্তরে।

RELATED Articles

Leave a Comment