পহেলগাঁও হামলার স্মৃতি এখনও তাজা দেশের মানুষের মনে, আর সেই আবেগকেই বড়পর্দায় তুলে ধরতে আসছে নতুন ছবি ‘অপারেশন সিঁদুর’। পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) তাঁর স্বতন্ত্র গল্প বলার ভঙ্গিতে আবারও বাস্তব ঘটনাকে সিনেমায় রূপ দিতে চলেছেন। সম্প্রতি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির ঘোষণা করেছেন, যা মুহূর্তেই সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। তাঁর মতে, এই গল্প শুধু একটি ঘটনা নয়, বরং এমন এক সত্য যা নিজেই সামনে আসতে চায়।
এই ছবির আরেকটি বড় আকর্ষণ হল প্রযোজক ভূষণ কুমার (Bhushan Kumar) এর সঙ্গে এই প্রথম বড় মাপের সহযোগিতা। টি সিরিজের কর্ণধার হিসেবে তিনি বলিউডে এক গুরুত্বপূর্ণ নাম, আর তাঁর সঙ্গে বিবেকের এই জুটি যে বড় কিছু উপহার দিতে চলেছে, তা বলাই বাহুল্য। দুজনের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির মেলবন্ধন ছবিটিকে আরও শক্তিশালী করে তুলবে বলেই আশা করা হচ্ছে।
পরিচালকের কথায়, ‘অপারেশন সিঁদুর’ শুধু একটি প্রতিশোধের গল্প নয়, বরং আধুনিক যুদ্ধের এক জটিল বাস্তবতা তুলে ধরবে। কীভাবে পরিকল্পনা করা হয়, কীভাবে তা বাস্তবায়িত হয় এবং এর পেছনের অজানা দিকগুলি কী, তা গভীর গবেষণার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সহযোগিতায় তৈরি এই ছবির গল্প দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে বলেই মনে করা হচ্ছে।

এর আগে দ্যা কাশ্মীর ফাইলস্ (The Kashmir Files) এবং দ্যা ভ্যাকসিন ওয়ার (The Vaccine War) এর মতো ছবিতে বাস্তব ঘটনা তুলে ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিবেক। সেই ধারাবাহিকতায় ‘অপারেশন সিঁদুর’ নিয়েও ইতিমধ্যেই বিতর্ক ও কৌতূহল তৈরি হয়েছে। তবে তাঁর ছবির অন্যতম শক্তি হল তথ্যভিত্তিক উপস্থাপনা, যা দর্শকদের বারবার হলে টেনে আনে।
আরও পড়ুনঃ অ্যাওয়ার্ড শো হোক বা কনক্লেভ, আজও ইংরেজিতে কথা বলেন না অক্ষয় কুমার! বলিউডে যখন ইংরেজির দাপট, তখন কেন আলাদা পথ বেছে নিয়েছেন তিনি? অবশেষে অভিনেতা কারণ জানালেন নিজেই!
যদিও ছবির মুক্তির দিন বা অভিনয়শিল্পীদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। অনেকেই মনে করছেন, এই ছবি আবারও বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে পারে। এখন শুধু অপেক্ষা, কবে বড়পর্দায় এই বহুল প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাবে এবং দর্শকদের সামনে তার আসল গল্প তুলে ধরবে।





