বলিউডের নব্বইয়ের দশক ছিল বদলের সময়। সেই সময় অনেক অভিনেতা-অভিনেত্রী নিজেদের আধুনিক দেখাতে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলাকে গুরুত্ব দিতে শুরু করেন। ধীরে ধীরে সেটাই যেন এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়। কিন্তু সেই সময়েই এই ধারার বাইরে গিয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন অক্ষয় কুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পুরনো দিনের অভিজ্ঞতা শেয়ার করে জানান, কেন তিনি সবসময় নিজের মাতৃভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি নিজের পরিচয়েরও একটি বড় অংশ।
অক্ষয় কুমার বলেন, নব্বইয়ের দশকে ইংরেজিতে কথা বলা যেন এক ধরনের স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই সেটাকে অনুসরণ করলেও তিনি কখনও সেই পথে হাঁটেননি। তিনি স্পষ্টভাবে জানান, অ্যাওয়ার্ড শো বা বড় কোনও অনুষ্ঠানে গেলেও তিনি আগে থেকেই বলে দিতেন যে তিনি হিন্দিতেই কথা বলবেন। এই অভ্যাস তিনি আজও বজায় রেখেছেন। তাঁর কথায়, নিজের ভাষায় কথা বললে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং নিজের ভাব প্রকাশও ভালোভাবে করতে পারেন।
তিনি আরও জানান, বড় বড় ইভেন্ট বা কনক্লেভে অনেকেই ইংরেজিতে সাবলীলভাবে কথা বলেন। কিন্তু সেই জায়গাতেও তিনি বিনয়ের সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন। অন্যরা ইংরেজিতে কথা বললেও তিনি হিন্দিতেই নিজের বক্তব্য রাখেন। তাঁর মতে, ভাষা নিয়ে অহংকার করার কিছু নেই, বরং নিজের ভাষাকে সম্মান করা উচিত। এই ভাবনাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে এবং অনেকের কাছেই তা অনুপ্রেরণার।
এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিনেতা রাজপাল যাদবও। অক্ষয়ের কথার প্রসঙ্গ তুলে তিনিও নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, একটি সিনেমার সেটে প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষ কাজ করেন। সেখানে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন ভাষার মানুষ থাকেন। কেউ পাঞ্জাবি, কেউ মারাঠি, আবার কেউ তামিল, মালয়ালি বা বাঙালি। এত ভিন্ন ভাষা থাকা সত্ত্বেও কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয় না। কারণ সিনেমা নিজেই একটি ভাষা, যা সবাই সহজেই বুঝতে পারেন।
আরও পড়ুনঃ LPG : পশ্চিম এশিয়ার যুদ্ধেও থামেনি গ্যাস সরবরাহ! এত দূর থেকে কীভাবে আসছে এলপিজি, কার উপর ভরসা করছে ভারত?
অক্ষয় কুমার ও রাজপাল যাদবের এই জুটি খুব শিগগিরই বড় পর্দায় ফিরতে চলেছে। পরিচালক প্রিয়দর্শনের নতুন ছবি ‘ভূত বাংলো’তে তাদের একসঙ্গে দেখা যাবে। বহু বছর পর এই জুটির কাজ নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। ছবিতে আরও রয়েছেন পরেশ রাওয়াল, তাবু, ওয়ামিকা গাব্বি এবং প্রবীণ অভিনেতা আসরানি। আগামী ১০ এপ্রিল মুক্তির কথা রয়েছে এই ছবির। মুক্তির আগেই ছবিটি নিয়ে বলিউডে চর্চা শুরু হয়ে গিয়েছে।





