পাক গুপ্তচর সংস্থা ISI থেকে নিয়মিত আর্থিক সাহায্য পায় বিজপির বজরং দল৷ এবারে বিজেপির বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং৷ তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তোলপার দেশের রাজনীতি, শুরু হয়েছে বিতর্ক।
শনিবার মধ্যপ্রদেশের ভিন্দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কংগ্রেস নেতা মন্তব্য করেন যে, বিজেপির বজরং দল পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর থেকে নিয়মিত অর্থ নেয়। শুধু তাই নয়, সেই দলের অ-মুসলিমরাই টাকার বিনিময়ে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করেও বলে অভিযোগ এনেছেন এই কংগ্রেস নেতা৷ যদিও বিজেপির তরফে দিগ্বিজয় সিং এর মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বলেছেন যে, বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বারবার বিতর্কিত মন্তব্য করে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছে৷ স্রেফ খবরের শিরোনামে থাকতে তিনি এসব বিতর্কিত মন্তব্য করে চলেছেন৷
তবে বিতর্ক শুরু হওয়ার পর কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর দাবী যে তাঁর বক্তব্যকে তির্যক ভাবে তুলে ধরেছে কিছু সংবাদমাধ্যম। তিনি জানান যে, তিনি শুধু বলেছিলেন যে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করতে গিয়ে কিছুদিন আগেই আটক হয়েছেন বিজেপির আইটি সেলের তথা বজরং দলের এক নেতা৷ তাই সংবাদমাধ্যমের উচিৎ এই নিয়ে বিজেপিকে প্রশ্ন করা৷
প্রসঙ্গত, সম্প্রতি অর্থের বিনিময়ে ভারত থেকে গোপন তথ্য শত্রু দেশ পাকিস্তানের হাতে তুলে দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় মধ্যপ্রদেশের সাতনা জেলার তিন ব্যক্তি৷ কংগ্রেস নেতাদের দাবী যে এই তিন জনের মধ্যে এক বজরং দলের কার্যকর্তা৷






