দেশজোড়া লকডাউনের প্রথম দিনেই পানমশলায় নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশ সরকার। সুরক্ষা দফতরের পক্ষ থেকে সমস্ত পানমশলা প্রস্তুতকারক সংস্থাকে নোটিস পাঠিয়ে দেওয়া হয় এদিনই। পানমশলার পিক থেকে ছড়াতে পারে করোনাভাইরাসের সংক্রমণ। তাই এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কোথাও যদি পানমশলা বিক্রি হতে দেখা যায় তাহলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। একই ভাবে যাঁরা পানমশলা খান তাঁদের প্রতিও সরকারের কড়া বার্তা, এই নিষেধাজ্ঞা না মানলে বড় শাস্তির মুখে পড়তে হবে।’
করোনা মোকাবিলায় এর আগেও একাধিক কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছে যোগী সরকার। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে লকডাউন ঘোষণার আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর রাজ্যে লকডাউন ঘোষণা করে দিয়েছিলেন। যোগী সরকারই দেশের প্রথম কোনও রাজ্য সরকার, যারা ঘোষণা করেছিল নির্মাণ শিল্পের শ্রমিকদের আর্থিক সুরাহার জন্য এককালীন একহাজার টাকা অনুদান দেবে। লক ডাউনের মাঝেই মঙ্গলবার রাতে যোগী সরকার ঘোষণা করে, রাজ্যের ২৩ কোটি মানুষকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে প্রশাসন।





