ভোটের আগে আরও এক মাস্টারস্ট্রোক মোদীর! গ্যাসের দামের পর এবার পেট্রোল-ডিজেলেরও দাম কমাল কেন্দ্র, স্বস্তি আমজনতার

লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা। জ্বালানি গ্যাসের দাম কমিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আগেই গ্যাসের দাম ১০০ টাকা কমানোর ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কেন্দ্রের সরকার জ্বালানির দাম কমানোর ঘোষণা করল। পেট্রল ও ডিজেলের উপর ২ টাকা করে আবগারি শুল্ক কমানো হল। ১৫ মার্চ থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জণগনের উদ্দেশ্য এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, “পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমানো হয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলেছেন, ”আবারও প্রমাণ হয়েছে ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণ করার জন্যই কাজ করছেন প্রধানমন্ত্রী।”

কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পর কলকাতায় পেট্রলের নতুন দাম লিটার প্রতি হবে ১০৪.০৩ টাকা আর ডিজেলের দাম হবে ৯০.৭৬ টাকা। দীর্ঘ সময় ধরে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। ধীরে ধীরে তার দাম বৃদ্ধি হয়েছে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যেই ক্ষোভ ছিল। তাহলে কি ভোটের কথা মাথায় রেখেই জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

জণগণের কথায়, “ভোটের জন্যই শুধুমাত্র দাম কমানো হচ্ছে, ভোট চলে গেলেই দাম বেড়ে যাবে আবার হু হু করে।” যত না দাম কমানো হয়েছে তার থেকে দ্বিগুন দাম বেড়ে যাবে এই আশঙ্কা করছেন সাধারণ মানুষ। তবে লোকসভা ভোটের আগে যে তার দাম কমতে পারে তা মনে করা হয়েছিল। সম্প্রতি, গ্যাসের দাম ১০০ টাকা কমের ঘোষণায় খুশি সাধারণ মানুষ। আমজনতা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে এই খবরে। এবার ভোটের মুখেই জ্বালানির দাম কমায় জনসাধারণের কিছুটা সুবিধা হল।

পেট্রোল-ডিজেলের দাম নিয়ে যতবারই বিরোধীরা নিশানা করেছে কেন্দ্রীয় সরকারকে, প্রত্যেকবারই এই পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির ইস্যুতে কেন্দ্রীয় সরকার বারবার আন্তর্জাতিক বাজারের উপরই দায় চাপিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, শুধুমাত্র ভোট এলেই দাম কমানোর ব্যাপারে আগ্রহী হয় কেন্দ্র। বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

RELATED Articles