এখনও পর্যন্ত ভারতে টিকাকরণের অনুমোদন মেলেনি ফাইজার এবং বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিনের। তবুও বন্ধুত্বপূর্ণ আচরণ করল ফাইজার কর্তৃপক্ষ। ভারতে তারা ৭০ মিলিয়ন ডলারের করোনা সাহায্য পাঠাতে চলেছে।
সোমবার ফাইজারের তরফে জানানো হয়েছে, আমেরিকা, ইউরোপ, এশিয়ার বিভিন্ন প্রান্তে ফাইজারের যে যে বন্টন কেন্দ্র আছে সেখান থেকে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে ভারতে।যার মোট মূল্য ৭০ মিলিয়ন ডলার।
ভারতে আসছে অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটর যা এইমুহুর্তে সবথেকে প্রয়োজন ভারতের। এছাড়াও বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ, রক্ত জমাট বাঁধা আটকানোর ওষুধও পাঠাচ্ছে ফাইজার।
তবে ভারতে এখনও তাদের করোনা টিকা সরকারিভাবে স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন ফাইজারের চেয়ারম্যান এবং সিইও অ্যালবার্ট বৌরলা। বিবৃতিতে তিনি বলেছেন, “ফাইজার ভালোমতো জানে যে এই মহামারী শেষের জন্য টিকার জোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে ভারতে আমার টিকার নথিভুক্ত হয়নি। যদিও কয়েক মাস আগেই আমরা আবেদনপত্র জমা দিয়েছিলাম। ভারতে ফাইজার এবং বায়োএনটেকের টিকা যাতে ব্যবহার করা হয়, সেজন্য আমাদের টিকার দ্রুত অনুমোদন দেওয়ার পাওয়ার চেষ্টা চলছে।”





