মহারাষ্ট্র, দিল্লির অবস্থা করোনায় বেহাল। ইতিমধ্যেই সেনা সাহায্য চেয়েছে দিল্লি। মৃতদেহের স্তুপ তৈরি হয়েছে দেশের একাধিক রাজ্যে। এইরকম উদ্বেগজনক পরিস্থিতিতে, মরণব্যাধিকে নিয়ন্ত্রণে আনতে লকডাউনই একমাত্র পথ বলে দাবি করে টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী l
আজ অর্থাৎ মঙ্গলবার মোদী সরকারকে উল্লেখ করে একটি টুইট বার্তায় তিনি লেখেন, “দেশের বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলার একমাত্র উপায় হল সম্পূর্ণ লকডাউন। কেন্দ্রীয় সরকার কেনও এটা বুঝতে পারছে না। নূন্যতম আয় যোজনার মাধ্যমে সরকারের উচিত লকডাউন ঘোষণা করা। করোনা সংক্রমণ ও লকডাউন নিয়ে সরকারের এই নিষ্ক্রিয় মনোভাবই বহু নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।”
I just want to make it clear that a lockdown is now the only option because of a complete lack of strategy by GOI.
They allowed, rather, they actively helped the virus reach this stage where there’s no other way to stop it.
A crime has been committed against India.
— Rahul Gandhi (@RahulGandhi) May 4, 2021
যদিও বর্তমানে সম্পূর্ণ লকডাউনের বিপক্ষে রয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই পার্শিয়াল লকডাউন বা আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে দেশের একাধিক রাজ্যে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়েও প্রধানমন্ত্রী কনটেইনমেন্ট জোনের কথা বললেও দেশে সম্পূর্ণ লকডাউন জারি করা হবে কি না সেই বিষয়ে একটি বাক্যও খরচ করেননি তিনি। এছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, দেশে লকডাউন জারি করার কোনও রকম পরিকল্পনা এখনই কেন্দ্রের নেই l
গতবছরের লকডাউনে বীভৎস চিত্র এখনও ভারতবাসীর স্মৃতিতে টাটকা। গত বছর চাকরি হারান বহু, পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা, বসে যায় অর্থনীতি। হঠাৎ করে ডাকা লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়ে ভারত। তাই ২০২০ সালের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেই জন্য সম্পূর্ণ লকডাউনেট বিষয়ে এখনও মুখ খুলছেনা কেন্দ্র।





