Narendra Modi: ৭৫তম জন্মদিনে বড় উপহার! ৪ কোটি মহিলার জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ঘোষণা মোদীর!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন মানেই ভক্তদের জন্য এক বিশেষ দিন। এ বছর তিনি পা দিলেন ৭৫ বছরে। জন্মদিনের দিনে সাধারণত কেউ নিজের পরিবারের সঙ্গে সময় কাটান, কিন্তু প্রধানমন্ত্রী বরাবরই নিজের দিনটিকে দেশের মানুষের জন্য উৎসর্গ করে থাকেন। তাই এবারও জন্মদিনে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করলেন তিনি।

বুধবার মধ্য প্রদেশের ধরে অনুষ্ঠিত এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি নতুন স্বাস্থ্য অভিযানের সূচনা করেন। এই বিশেষ ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে “সুস্থ নারী, শক্তিশালী পরিবার”। মোদী জানিয়েছেন, দেশের ৪ কোটিরও বেশি মহিলা এই কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। শুধু ওষুধ নয়, বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য ও লাইফস্টাইল সংক্রান্ত রোগের চিকিৎসাও পাওয়া যাবে এই ক্যাম্পে।

এই কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী আরও একবার মনে করিয়ে দিলেন দেশের সামরিক সাফল্যের কথা। তিনি উল্লেখ করেন, অপারেশন সিঁদুর–এর মতো পদক্ষেপই প্রমাণ করে যে আজকের ভারত আর ভয় পায় না। তাঁর কথায়, “নতুন ভারত পরমাণু হামলার হুমকিতেও পিছিয়ে যায় না। আমাদের সেনা জওয়ানরা ঘরে ঢুকে শত্রুদের ধ্বংস করতে সক্ষম।” তিনি দাবি করেন, পাকিস্তানি জঙ্গিরা যখন ভারতের মা-বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তখনই অপারেশন সিঁদুর চালিয়ে সেনারা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল।

মোদীর বক্তব্যে উঠে আসে জইশ-ই-মহম্মদ জঙ্গি মাসুদ ইলিয়াস কাশ্মীরীর সাম্প্রতিক স্বীকারোক্তির কথাও। তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনার হামলায় ভাওয়ালপুরে মাসুদ আজহারের পরিবার কার্যত ভেঙে চুরমার হয়ে গেছে। মোদীর মতে, এটি প্রমাণ করে যে পাকিস্তানের ভিতর থেকেই সন্ত্রাসবাদীদের মুখোশ খুলে যাচ্ছে।

আরও পড়ুনঃ Astrology: শুক্রের প্রিয় রাশি! মা লক্ষ্মীর আশীর্বাদে ধন-প্রেম ভরপুর এই ৩ রাশি

শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, এদিন প্রধানমন্ত্রী দেশের প্রথম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিওন অ্যান্ড অ্যাপারেল পার্ক–এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। সংক্ষেপে যাকে বলা হচ্ছে পিএম মিত্র পার্ক। মধ্য প্রদেশ, গুজরাট, কর্নাটক, তেলঙ্গানা, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে এই প্রকল্পের মাধ্যমে বিশ্বমানের বস্ত্র উৎপাদন ইউনিট গড়ে তোলা হবে। মোদীর কথায়, “কোটি কোটি মা-বোনের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। সুস্থ নারী মানে শক্তিশালী পরিবার, আর শক্তিশালী পরিবার মানেই শক্তিশালী দেশ।” জন্মদিনে এই বার্তা দিয়েই দেশবাসীর মন জয় করলেন প্রধানমন্ত্রী।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles