বাংলাদেশ সফর শেষে আজ ৭৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাঁর বক্তৃতা জুড়ে ছিল ভারতীয় নারীদের স্পর্ধার কথা। বিশ্ব নারীদিবসের মাসে খেলার দুনিয়ায় সাফল্যের শিখর ছুঁয়েছেন ভারতীয় মহিলারা। আর তার জন্যই তাঁদের অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী।
যেমন তাঁর বক্তব্য ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের লেভেলের জন্য মিতালি রাজ। দীর্ঘ ২২ বছরের ক্রিকেট কেরিয়ারে বহু রেকর্ড গড়েছেন মিতালি। দিন কয়েক আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজির গড়েছিলেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেন ভারতীয় ওয়ানডে দলের অধিনায়িকা। সেই সিরিজেই আবার একমাত্র ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে সাত হাজার রানের মালকিন হয়ে যান তিনি। মিতালির এই সাফল্যকেই এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে সন্মান জানান প্রধানমন্ত্রী ।
এরপরই তাঁর মুখে শোনা যায় ভারতীয় ব্যাডমিন্টন সিন্ধু সভ্যতার কারিগর পিভি সিন্ধুর কথা। বিডব্লিউএফ সুইস ওপেন সুপার ৩০০ টুর্নামেন্টে রুপো ঘরে তুলেছিলেন ভারতীয় শাটলার। অলিম্পিক পদকজয়ী তারকাকেও এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানান মোদী। বলেন, “মার্চ মাসে আমরাও সাফল্যের সঙ্গেই নারীদিবস পালন করছি। অনেক মহিলা খেলোয়াড় পদক জিতছেন। নতুন নতুন রেকর্ড গড়ে দেশের মুখ উজ্জ্বল করছেন।”
দিল্লিতে চলতি আইএসএসএফ বিশ্বকাপে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সকেও বাহবা জানান তিনি। বলেন, “শুটাররা খুব ভাল খেলছেন। ভারতের ঝুলিতেই সবচেয়ে বেশি পদক এসেছে।”





