WB Election 2021: প্রার্থী না হয়েও বিজেপির হয়ে মাঠে নেমেছেন মিঠুন চক্রবর্তী, ‘খেলা’ ঘোরাতে উদ্যত মহাগুরু

বাংলা দখলের লড়াই ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। গতকালই হয়েছে নির্বাচনের প্রথম দফার ভোট। এরপর বাকী দফার ভোটের জন্য প্রচারে আরও বেশি জোর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। আগামী ১লা এপ্রিল নন্দীগ্রামে ভোট। সেখানে দুই যুযুধান প্রতিপক্ষ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তবে এরই মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী।

তিনি আগেই জানিয়েছেন, “প্রার্থী হলে আমি স্বার্থপর হয়ে যাব”। এর থেকেই বেশ স্পষ্ট যে প্রার্থী তিনি হচ্ছেন না। তবে তাঁর মুখকে কাজে লাফিয়ে বাংলার গ্রামেগঞ্জে প্রচার চালাতে উদ্যত হয়েছে গেরুয়া শিবির। এই কারণেই গত ২৫শে মার্চ থেকেই জোরদার প্রচারে নেমেছেন মহাগুরু। এমনকি, আজ দোলের দিনও প্রচারে বেরিয়েছেন তিনি।

আরও পড়ুন- প্রচারে বেরিয়ে বিপত্তি! লকেটের চোখ রং ছোঁড়ার অভিযোগ, সন্দেহের তীর তৃণমূলের দিকে

আজ বিজেপির হয়ে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই বাঁকুড়ার ইন্দাসে রোড শো শেষ করেছেন তিনি। সেখানে তাঁকে দেখতে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। এরপর মেদিনীপুরের কেশপুর, ডেবরা ও চন্দ্রকোণাতেও রোড শো করবেন তিনি।

তবে এদিন মিঠুনের রোড শো-য়ের আগেই কেশপুরে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে পেট্রোল বোমাও উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের জেরে আহত হয়েছেন বেশ কিছু বিজেপি কর্মী। এই কারণে কেশপুর থানায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন- ভোটের কোপ দিঘাতে, প্রথম দু’দফার ভোটের কারণে বন্ধ দিঘা, পর্যটকবিহীন সমুদ্র সৈকত 

গত ২৫শে মার্চ প্রচারে বেরিয়েই মিঠুন বলেন, “তোমাদের ভালোবাসার কথা আমি সবসময়ই বলি, বাংলার মানুষের সঙ্গে আমার হিরো আর ভক্তের সম্পর্ক নয়। আমাদের মধ্যে আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। বাংলার গরীব মানুষের জন্য লড়তে এসেছি, বাংলার মানুষকে তাদের অধিকার দিয়েও ছাড়ব। এটাই আমার প্রতিশ্রুতি”।

RELATED Articles