কৃষকদের মুখে হাসি ফোটাল কেন্দ্রীয় সরকার! রবিবার, ‘প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায়’ ১৭ হাজার ১০০ কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ভারতীয়দের দেওয়া হবে। যার মধ্যে কৃষকদের জন্য বরাদ্দ ছিল ৭০ হাজার কোটি টাকা। সেই টাকাই এবার দেওয়া শুরু করলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালে। মোট ৬টি কিস্তিতে কৃষকদের বরাদ্দ টাকা দেওয়া হবে।
এই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা করে পাবেন একজন কৃষক। ইতিমধ্যেই জানা গিয়েছে যে মোট ৮.৫ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৭ হাজার কোটি টাকা পৌঁছে যাবে। এছাড়াও করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই এককালীন কিছু টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
২০১৮ সালে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আবার গত মে মাসে অর্থমন্ত্রী পাঁচ দফায় সাংবাদিক বৈঠক করেন যেখানে তিনি কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন যা পূর্বঘোষিত ছিল। যার মধ্যে কুড়ি লক্ষ কোটি টাকার এই আর্থিক প্যাকেজও বর্তমান। প্রথম দিনের ঘোষণায় ৫.৯ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ এবং শেষ দিনের ঘোষণায় ৪০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।






